নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসীই করেননি নিবন্ধন, নিবন্ধন করেও ভোট দেননি ৩৪ শতাংশ

নির্বাচনে ৯৫ শতাংশ প্রবাসীই করেননি নিবন্ধন, নিবন্ধন করেও ভোট দেননি ৩৪ শতাংশ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে প্রথমবারের মতো প্রবাসীদের জন্য পোস্টাল ব্যালটের সুযোগ থাকলেও ভোটার অংশগ্রহণ আশানুরূপ হয়নি। নিবন্ধন করা প্রবাসীর সংখ্যাও মোট প্রবাসী ভোটারের তুলনায় খুবই কম, এবং অনেক নিবন্ধিত প্রবাসীও ব্যালট ফেরত পাঠাননি।

বিশ্বব্যাপী বাংলাদেশীদের সঠিক সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। বাংলাদেশ ব্যাংকের ২০২৩ সালের তথ্য অনুযায়ী বিশ্বের বিভিন্ন দেশে প্রায় ১.২৫ কোটি বাংলাদেশি কর্মরত। তবে জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ১.৪৮ কোটি প্রবাসীর তথ্য দেয়। সেই বছরের সেপ্টেম্বর, প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ জানিয়েছিলেন, বিদেশে বাংলাদেশের কর্মী সংখ্যা ১.৫৫ কোটি।

এই পরিসংখ্যানে শুধুমাত্র চাকরি সূত্রে প্রবাসীদের অন্তর্ভুক্ত করা হয়েছে; শিক্ষার্থী, পরিবার বা ‘স্পাউস’ ধরা হয়নি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম জানিয়েছেন, বিশ্বের বিভিন্ন দেশে বাংলাদেশের প্রবাসী জনসংখ্যা দেড় কোটির কাছাকাছি।

৯৫ শতাংশ প্রবাসীই করেননি নিবন্ধন 

নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, ৫ জানুয়ারি পর্যন্ত মোট ৭ লাখ ৬১ হাজার ১৩৮ জন প্রবাসী পোস্টাল ব্যালটের জন্য নিবন্ধন করেছিলেন। কিন্তু এখন পর্যন্ত মাত্র ৪ লাখ ৬৬ হাজার ৬৬ জন ভোট দিয়েছেন। অর্থাৎ, নিবন্ধিত প্রবাসীর ৩৮.৩৭ শতাংশ ভোট দেননি। যদি মোট প্রবাসীকে ১.৫৫ কোটি ধরি, তাহলে ৯৫ শতাংশ প্রবাসী ভোট দিতে আগ্রহ দেখাননি।

যুক্তরাজ্য প্রবাসী আশফাক বিন মুস্তফা বলেন, “আমি নিবন্ধন করেছি, ব্যালটও পেয়েছি। কিন্তু এখন আর ভোট দিচ্ছি না। মধ্যপ্রাচ্যে যা দেখেছি, ভোট দেওয়ার আগ্রহ নেই।” যুক্তরাজ্য থেকে ৩২,২৯৯ জন নিবন্ধন করলেও মাত্র ২১,৬৪২ জন ভোট দিয়েছেন।

ফিনল্যান্ডের সানিয়া সিরাজ বলেন, “আমার বাবা মুক্তিযোদ্ধা। কিন্তু এখন কোনো দল স্বাধীনতার পক্ষের শক্তি হিসেবে নেই। ভোট দেওয়ার প্রয়োজন অনুভব করি না।” ফিনল্যান্ডে ২,৩৪৮ জন নিবন্ধন করেছিলেন, ভোট দিয়েছেন ১,৯০৪ জন।

সুইডেন প্রবাসী কবি ও কলামিস্ট আনিসুর রহমান জানান, “এই নির্বাচনে সরকারের রাখঢাক নেই, প্রবাসীদের আস্থা তৈরি হয়নি। ভোট বর্জনের কারণ কেবল আওয়ামী লীগের কারণে নয়।”

টেনেসির শৈবাল ভৌমিক বলেন, “আমরা নিবন্ধন করেছি, কিন্তু পোস্টাল ব্যালট কেউ হাতে পায়নি। এই নির্বাচন এখন ‘ভোট খেলা’ মনে হচ্ছে।” যুক্তরাষ্ট্রে ৩০,৭৯৯ জন নিবন্ধন করলেও ভোট দিয়েছেন ১৭,৩২১ জন, শতকরা হিসেবে ৪৪% ভোটার ভোট দেননি।

ইউনূসে আস্থা নেই প্রবাসীদের: নিবন্ধন করেও ভোট দেননি ৩৪ শতাংশ

প্রবাসী ভোটের এই চিত্র প্রমাণ করছে, ভোটাররা রাজনৈতিক অবস্থা, সংস্থাগত দুর্বলতা ও প্রক্রিয়ার অসঙ্গতির কারণে ভোটে অংশ নিতে আগ্রহী হননি। নিবন্ধন থাকা সত্ত্বেও প্রায় এক-তৃতীয়াংশ প্রবাসী ভোট দিতে ব্যর্থ হয়েছেন।

এভাবে দেখা যাচ্ছে, প্রবাসী ভোটারদের বড় অংশ নির্বাচনে অংশগ্রহণ না করায় ভোটের ফলাফলের বৈধতা ও জনমতের প্রতিফলন নিয়ে প্রশ্ন উঠেছে।

Visited 30 times, 1 visit(s) today