ভারত-পাকিস্তান ম্যাচ ‘সাধারণ কোনো খেলা নয়’: সূর্যকুমার

ভারত-পাকিস্তান ম্যাচ ‘সাধারণ কোনো খেলা নয়’: সূর্যকুমার
শেয়ার করুন

পাকিস্তানের বিপক্ষে ম্যাচকে আর দশটা সাধারণ ম্যাচের মতো দেখার চেষ্টা করলেও মাঠের লড়াই যে তার চেয়ে অনেক বেশি কিছু, তা অকপটে স্বীকার করে নিলেন ভারতের অধিনায়ক সূর্যকুমার যাদব।

রবিবার টি-টোয়েন্টি বিশ্বকাপে গ্রুপ ‘এ’-র হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী। এই লড়াইয়ের আগে শনিবার কলম্বোর আর. প্রেমাদাসা স্টেডিয়ামে সংবাদ সম্মেলনে সূর্যকুমার বলেন, ‘এটি অবশ্যই একটি বড় মঞ্চ। আপনি মুখে একে সাধারণ ম্যাচ বললেও দিনশেষে এটি অনেক বড় একটি লড়াই।’

ক্রিকেট বিশ্বের সবচেয়ে আলোচিত এই ম্যাচের সব টিকিট ইতিমধ্যেই শেষ হয়ে গেছে। ৩৫ হাজার দর্শক ধারণক্ষমতা সম্পন্ন স্টেডিয়াম ছাড়াও টেলিভিশন পর্দায় কোটি কোটি মানুষের নজর থাকবে এই ব্লকবাস্টার ম্যাচের দিকে। অথচ গত সোমবার রাত পর্যন্ত এই ম্যাচ নিয়ে অনিশ্চয়তা ছিল। পাকিস্তান সরকারের আগের অবস্থান বদলে বয়কটের সিদ্ধান্ত তুলে নেওয়ার পরই ম্যাচটি নিশ্চিত হয়।

দুই দলের মুখোমুখি হওয়া নিয়ে ভারতীয় অধিনায়ক বলেন, ‘আমরা তাদের সঙ্গে খুব একটা খেলি না, নিয়মিত তো নয়ই। তবে আমরা সবকিছু সহজ রেখে আমাদের সেরা খেলাটা খেলার চেষ্টা করি। এখানে যেমন চাপ আছে, তেমনি বড় সুযোগও আছে। আমার কাছে ভারত-পাকিস্তান ম্যাচের আবহটাই অন্যরকম।’

গত বছর দুবাইয়ে এশিয়া কাপের তিন লড়াইয়ে হাত মেলানো নিয়ে বিতর্কের পর এবার ভারতীয় ক্রিকেটাররা সৌজন্য দেখাবেন কি না, তা নিয়ে রহস্য জিইয়ে রেখেছেন তিনি। সূর্যকুমার বলেন, ‘এই রহস্যটা কালই ভাঙব। আপাতত ২৪ ঘণ্টা অপেক্ষা করুন, আমাদের খেলাটায় মন দিতে দিন।’

বিশ্বকাপে নিজেদের প্রথম দুই ম্যাচেই জয় পেয়েছে ভারত। প্রথম ম্যাচে যুক্তরাষ্ট্রের বিপক্ষে ঘামঝরানো জয়ের পর নামিবিয়াকে উড়িয়ে দিয়েছে তারা। তবে পাকিস্তানের নতুন স্পিনার উসমান তারিকের বিচিত্র বোলিং অ্যাকশন নিয়ে বাড়তি ভাবছেন না সূর্যকুমার। তিনি জানান, ‘এমন অ্যাকশনের বোলারদের বিপক্ষে আমরা নেটে পর্যাপ্ত অনুশীলন করেছি।’

ভারতীয় শিবিরে স্বস্তির খবর দিয়ে অধিনায়ক জানান, ওপেনার অভিষেক শর্মা পেটের সমস্যা কাটিয়ে সুস্থ হয়ে উঠেছেন এবং তার খেলার সম্ভাবনা প্রবল। দুই দলই তাদের প্রথম দুই ম্যাচে জয় পাওয়ায় রবিবারের জয়ী দল সরাসরি সুপার এইট নিশ্চিত করবে।

Visited 3 times, 1 visit(s) today