চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের কাছে ৬১ রানের বিশাল ব্যবধানে হারের পর পাকিস্তান দলের ড্রেসিংরুমে এখন বিষণ্ণতার ছায়া। দলের প্রধান কোচ মাইক হেসন স্বীকার করেছেন, রবিবার কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে যেভাবে তার দল নতিস্বীকার করেছে, তাতে খেলোয়াড়রা মানসিকভাবে বিধ্বস্ত হয়ে পড়েছেন।
টি-টোয়েন্টি বিশ্বকাপের ‘এ’ গ্রুপের এই হাই-ভোল্টেজ ম্যাচটি নিয়ে উৎকণ্ঠা ছিল তুঙ্গে। পাকিস্তান সরকারের সবুজ সংকেত পাওয়ার পর শেষ মুহূর্তে দল মাঠে নামলেও পারফরম্যান্সে তার প্রতিফলন দেখা যায়নি। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন ভারতের ১৭৫ রানের জবাবে পাকিস্তান অলআউট হয়েছে মাত্র ১১৪ রানে।
ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে হেসন বলেন, ‘ড্রেসিংরুমের অবস্থা এখন বেশ হতাশাজনক। কারণ পাকিস্তানের মানুষের কাছে এই ম্যাচের গুরুত্ব কতটা, তা খেলোয়াড়রা খুব ভালো করেই জানে।’
ভারতের বিপক্ষে এটি হেসনের অধীনে পাকিস্তানের টানা চতুর্থ পরাজয়। গত বছরের এশিয়া কাপে তিনবার হারের পর এবার বিশ্বকাপ মঞ্চেও হারের তিক্ত স্বাদ পেলেন তিনি। হেসন আরও যোগ করেন, ‘আমরা টানা পাঁচটি ম্যাচ জিতে আত্মবিশ্বাস নিয়ে মাঠে নেমেছিলাম। কিন্তু আজ ভারত আমাদের সব বিভাগেই ছাড়িয়ে গেছে।’
ম্যাচের শুরুতে ইশান কিশানের ৭৭ রানের বিধ্বংসী ইনিংস ভারতকে বড় সংগ্রহের ভিত গড়ে দেয়। অভিষেক শর্মা দ্রুত ফিরলেও সূর্যকুমার যাদব ও শিবম দুবের ছোট কিন্তু কার্যকর ইনিংস ভারতকে লড়াকু পুঁজি এনে দেয়।
জবাবে ব্যাট করতে নেমে জাসপ্রিত বুমরাহর তোপের মুখে পড়ে পাকিস্তান। মাত্র ১৩ রানে ৩ উইকেট হারিয়ে ম্যাচ থেকে ছিটকে যায় তারা। উসমান খান ৪৪ রান করলেও অন্য ব্যাটসম্যানদের ব্যর্থতায় ১৮ ওভারেই শেষ হয় তাদের লড়াই। টি-টোয়েন্টিতে ভারতের বিপক্ষে এটি পাকিস্তানের তৃতীয় সর্বনিম্ন স্কোর।
টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়ে সমালোচনা হলেও হেসন তার সিদ্ধান্তে অনড়। তার মতে, শুরুতে পিচে স্পিনারদের জন্য সহায়তা ছিল, কিন্তু ইশান কিশানের ব্যাটিং ঝড়ে তাদের সব পরিকল্পনা ভেস্তে যায়।
এই জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করল ভারত। অন্যদিকে পাকিস্তানের সেমিফাইনালের স্বপ্ন এখন সুতোয় ঝুলছে। বুধবার নামিবিয়ার বিপক্ষে ম্যাচে বড় ব্যবধানে জয়ের পাশাপাশি এখন তাদের তাকিয়ে থাকতে হবে অন্য সমীকরণের দিকে।
বিশ্বকাপের মঞ্চে ভারতের বিপক্ষে পাকিস্তানের এই পরাজয়ের পরিসংখ্যান আরও দীর্ঘ হলো। টি-টোয়েন্টি বিশ্বকাপে এখন ভারতের সঙ্গে তাদের জয়-হারের ব্যবধান ১-৮। আর ওয়ানডে বিশ্বকাপে
তো ভারতের বিপক্ষে ৮ ম্যাচের একটিতেও জেতা হয়নি তাদের।
আগামী ম্যাচ নিয়ে হেসন বলেন, ‘আমাদের এই পরাজয় ভুলে দ্রুত ঘুরে দাঁড়াতে হবে। বিশ্বকাপের আগে আমরা ভালো ক্রিকেট খেলেছি, সেই আত্মবিশ্বাস নিয়েই আমরা ফিরতে চাই।’
