মোহাম্মদপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল কর্মী ফারুক গ্রেপ্তার

মোহাম্মদপুরে ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি, যুবদল কর্মী ফারুক গ্রেপ্তার
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর মোহাম্মদপুর এলাকায় চাঁদার দাবিতে এক ব্যবসায়ীর কাছে ৫ লাখ টাকা চাঁদা চেয়ে হুমকি দেওয়ায় ফারুক ওরফে কালা ফারুক নামে এক যুবদল কর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

রবিবার (২২ ফেব্রুয়ারি) বিকেলে কেরানীগঞ্জ উপজেলার কলাতিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন।

তিনি জানান, মোহাম্মদপুর থানার বসিলা গার্ডেন সিটি ও আশপাশের বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানে গিয়ে ফারুক ও তার সহযোগীরা দীর্ঘদিন ধরে চাঁদার দাবিতে হুমকি দিচ্ছিলেন।

স্থানীয় সুত্রে জানা যায়, বসিলা গার্ডেন সিটি এলাকায় সম্প্রতি এক ব্যবসায়ী লিখিত অভিযোগ দিলে পুলিশ তদন্ত শুরু করে। সেখানে তার কাছে ৫ লাখ টাকা চাঁদা দাবি করে।

সহকারী পুলিশ কমিশনার আব্দুল্লাহ আল মামুন জানান, ফারুকের হুমকি দেওয়ার কয়েকটি সিসিটিভি ফুটেজ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। পরে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কলাতিয়া এলাকায় ধলেশ্বরী নদীর তীর থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ সূত্র জানায়, গণমাধ্যমে বিষয়টি প্রকাশ ও ভিডিও ভাইরাল হওয়ার পর ফারুক আত্মগোপনে চলে যান। অভিযানের মাধ্যমে তাকে আটক করে মোহাম্মদপুরে নিয়ে আসা হয়।

পুলিশ জানিয়েছে, ফারুক স্থানীয়ভাবে চিহ্নিত চাঁদাবাজ। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

মোহাম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মেজবাহ উদ্দিন আহমেদ গ্রেপ্তার ফারুককে সঙ্গে নিয়ে এলাকায় মাইকিং করেন। এ সময় তিনি বলেন, কেউ চাঁদা দেবেন না। চাঁদাবাজ দেখলে প্রতিরোধ করুন এবং সঙ্গে সঙ্গে পুলিশকে জানান।

Visited 38 times, 1 visit(s) today