চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীদের বিরুদ্ধে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ

চাঁদা না দেওয়ায় যুবদল কর্মীদের বিরুদ্ধে লেগুনা চালককে পিটিয়ে হত্যার অভিযোগ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক

রাজধানীর যাত্রাবাড়ী–চিটাগাং রোড সড়কে দৈনিক শতাধিক লেগুনা থেকে রাজনৈতিক পট-পরিবর্তনের পরে থেকে চাঁদাবাজি চলছিল।

প্রতিটি লেগুনা থেকে যুবদল, নারায়ণগঞ্জ ও ওয়ারী ট্রাফিক পুলিশের নামে মাসিক এক হাজার টাকা, সিদ্ধিরগঞ্জ ও যাত্রাবাড়ী থানা পুলিশের নামে ৫০০ টাকা এবং লাইনম্যানের জন্য ৪০ টাকা হারে চাঁদা আদায় করা হয়।

এ চাঁদাবাজিকে কেন্দ্র করে দীর্ঘদিন ধরে যাত্রাবাড়ী ও চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে বিরোধ চলে আসছে।

চাঁদা দিতে অস্বীকার করায় শুক্রবার বিকেল পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ী মাছের আড়ত সংলগ্ন সুফিয়া গার্মেন্টসের পাশে খায়রুল নামের এক চালককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক কয়েকজন চালক এসব তথ্য জানিয়েছেন।

তবে পুলিশ বলছে, চাঁদার কারণে নয়; সিটে যাত্রী ওঠানোকে কেন্দ্র করেই এই হত্যাকাণ্ড ঘটেছে।

নিহত খায়রুলের গ্রামের বাড়ি শরীয়তপুর জেলার সখীপুর থানার কাছিকাটা কান্দি গ্রামে। বর্তমানে তিনি পরিবার নিয়ে মাতুয়াইল মধ্যপাড়া এলাকার আমিনুল ইসলাম হেন্দির বাড়ির তৃতীয় তলায় ভাড়া থাকতেন।

এ ঘটনায় নিহতের বাবা মোয়াল্লেম সর্দার বাদী হয়ে এজাহারনামীয় আটজনসহ অজ্ঞাত আরও ৪/৫ জনকে আসামি করে শনিবার যাত্রাবাড়ী থানায় মামলা দায়ের করেন।

খায়রুল হত্যার প্রতিবাদ ও বিচার দাবিতে শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত লেগুনা চলাচল বন্ধ রাখেন চালকেরা।

পুলিশ জানিয়েছে, রাজধানীর যাত্রাবাড়ীতে লেগুনায় যাত্রী ওঠানোকে কেন্দ্র করে নুরে আলম ইসলাম ওরফে খায়রুল (৩৫) নামের এক চালককে পিটিয়ে হত্যা করা হয়েছে—এ মর্মে মামলা হয়েছে। এ ঘটনায় একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

যাত্রাবাড়ী থানার ওসি মোহাম্মদ রাজু বলেন, নিহত খায়রুল আলমের সঙ্গে হৃদয় নামের আরেক চালকের বিরোধের সূত্রপাত হয়। শুক্রবার খায়রুলকে মারধরের পর তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল-এ নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের বাবা মামলা দায়ের করেছেন।

ওসি আরও জানান, ঘটনার পেছনে অন্য কোনো কারণ আছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে। জড়িতদের গ্রেপ্তারে অভিযান চলছে।

মামলার এজাহারে উল্লেখ করা হয়েছে, শুক্রবার দুপুর আনুমানিক ২টার দিকে ঢাকা–চট্টগ্রাম মহাসড়কের চিটাগাং রোড লেগুনা স্ট্যান্ডে সিরিয়ালের বাইরে হৃদয় নামের এক চালক জোর করে যাত্রী তুলতে থাকেন।

এতে খায়রুল আপত্তি জানালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে হৃদয় খায়রুলকে হুমকি দিয়ে যাত্রাবাড়ীতে আসতে বলে সেখান থেকে চলে যান।

দুপুর পৌনে ৩টার দিকে যাত্রাবাড়ীর সুফিয়া গার্মেন্টস সংলগ্ন লেগুনা স্ট্যান্ডে খায়রুল পৌঁছালে হৃদয়ের নেতৃত্বে ইমরান, শাকিল, রায়হান, সোহানসহ ১০/১২ জন তাঁকে বেদম মারধর করেন। অবস্থার অবনতি হলে হামলাকারীরাই তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

নিহতের ছোট বোন আছিয়া আক্তার বলেন, তাঁর ভাই আগে মাছের ফিডের ব্যবসা করতেন। দেড় বছর বেকার থাকার পর দেড় মাস ধরে ভাড়ায় লেগুনা চালানো শুরু করেন। তিনি পরিবারের ৭/৮ জন সদস্যের ভরণপোষণের দায়িত্ব বহন করতেন।

তাঁর আফোয়ানা আলম নুর নামের তিন বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। এ হত্যাকাণ্ডের সুষ্ঠু বিচার দাবি করেন তিনি।

Visited 18 times, 1 visit(s) today