মুম্বাইয়ের ওয়াংখেড়েতে আজ যেন চার-ছক্কার বৃষ্টি নামল। শুরুতে টস জিতে বোলিং বেছে নিয়েছিল জিম্বাবুয়ে, কিন্তু শেমরন হেটমায়ার ও রভম্যান পাওয়েলের ব্যাটে সেই সিদ্ধান্ত বুমেরাং হয়ে ফিরল সিকান্দার রাজার দলের কাছে। হেটমায়ারকে দুবার জীবন দেওয়ার চড়া মূল্য চুকিয়ে ১০৭ রানের বিশাল ব্যবধানে ম্যাচ হারল জিম্বাবুয়ে।
রেকর্ড গড়া ২৫৫ রানের পাহাড়
প্রথমে ব্যাট করতে নেমে ৬ উইকেটে ২৫৫ রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় ওয়েস্ট ইন্ডিজ। চলতি টি-টোয়েন্টি বিশ্বকাপে এটাই সর্বোচ্চ দলীয় পুঁজি। ১৯ ছক্কার এই ইনিংসে ৩৪ বলে ৮৫ রান করে সবচেয়ে উজ্জ্বল ছিলেন হেটমায়ার। মাত্র ১৯ বলে তিনি স্পর্শ করেন আসরের দ্রুততম ফিফটি। তাকে দুবার ক্যাচ ফেলে জীবন দেন তাসিঙ্গা মুসেকিওয়া, যার খেসারত জিম্বাবুয়েকে দিতে হয়েছে কড়ায় গণ্ডায়।
অধিনায়ক পাওয়েল খেলেন ৩৫ বলে ৫৯ রানের দায়িত্বশীল ইনিংস। শেষ দিকে শেরফাইন রাদারফোর্ড (৩১), রোমারিও শেফার্ড (২১) ও জেসন হোল্ডারদের (১৩) ঝড়ো ব্যাটিংয়ে আড়াইশো পার করে ক্যারিবিয়ানরা। এটি টি-টোয়েন্টি বিশ্বকাপের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ দলীয় সংগ্রহ; শ্রীলঙ্কার ২৬০ রানের রেকর্ডের ঠিক নিচেই এখন অবস্থান তাদের।
৩১ ছক্কার রেকর্ড ও মোটির ঘূর্ণি
বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ১৪৭ রানেই গুটিয়ে যায়। তবে হারলেও তারা হাত খুলে খেলেছে, মেরেছে ১২টি ছক্কা। দুই ইনিংস মিলিয়ে ম্যাচে মোট ৩১টি ছক্কা হয়েছে, যা এক অনন্য রেকর্ড। জিম্বাবুয়ের হয়ে আটে নেমে ২১ বলে সর্বোচ্চ ৪৩ রান করেন ব্র্যাড ইভান্স।
বোলিংয়ে জিম্বাবুয়ের ইনিংস গুঁড়িয়ে দেন গুডাকেশ মোটি। তার ক্যারিয়ার সেরা ২৮ রানে ৪ উইকেটের সঙ্গে আকিল হোসেনও ২৮ রান দিয়ে নেন ৩ উইকেট। তাদের ঘূর্ণির সামনে অসহায় আত্মসমর্পণ করতে হয় জিম্বাবুয়ের ব্যাটারদের।
