নিজস্ব প্রতিবেদক
মুহাম্মদ ইউনূসের অন্তর্বর্তী সরকারের আমলে পুলিশের পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছে বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশন।
সংগঠনটির দাবি, নিজেদের পুরাতন পোষাকেই ফিরতে চায় পুলিশ।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সংগঠনের সাধারণ সম্পাদক ও কুমিল্লা জেলার পুলিশ সুপার মো. আনিসুজ্জামান স্বাক্ষরিত এক বিবৃতিতে এই উদ্বেগ প্রকাশ করা হয়।
বিবৃতিতে সংগঠনটি বলছে, ২০০৩ থেকে ২০০৮ সালে কমিটির মাধ্যমে নির্ধারিত বর্তমান পোশাকটি রং, আবহাওয়া, দিন-রাত ডিউটি এবং পরিচিতির বিষয় বিবেচনা করে ঠিক করা হয়েছিল।
নতুন পোশাক নিয়ে আশঙ্কার কথা জানিয়ে সংগঠনটি বলছে, নকশা ও রং অন্যান্য ইউনিফর্মধারী বাহিনীর সঙ্গে সাদৃশ্যপূর্ণ হলে মাঠপর্যায়ে পুলিশকে দ্রুত শনাক্ত করা কঠিন হতে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, ১২ ফেব্রুয়ারি ২০২৬-এর জাতীয় নির্বাচনে প্রায় সব পুলিশ সদস্য বর্তমান পোশাকেই দায়িত্ব পালন করে প্রশংসিত হয়েছেন।
পাশাপাশি ইউনিফর্ম বদলকে ব্যয়বহুল উল্লেখ করে আধুনিকায়ন ও লজিস্টিক সাপোর্টে বিনিয়োগের আহ্বান জানিয়েছে সংগঠনটি।
