সীমান্তে উত্তেজনা বৃদ্ধি: পাকিস্তানি পোস্টে পাল্টা হামলা তালেবানের

সীমান্তে উত্তেজনা বৃদ্ধি: পাকিস্তানি পোস্টে পাল্টা হামলা তালেবানের
শেয়ার করুন

আফগানিস্তান-পাকিস্তান সীমান্তে নতুন করে তীব্র সংঘর্ষ শুরু হয়েছে। তালেবান বাহিনী পাকিস্তানের একাধিক সীমান্ত চৌকিতে পাল্টা হামলা চালানোর দাবি করার পর উভয় পক্ষের মধ্যে কয়েক ঘণ্টাব্যাপী গোলাগুলি হয়।

পাকিস্তানের তথ্য মন্ত্রণালয় জানায়, সীমান্তের বিভিন্ন স্থানে আফগান বাহিনীর “উসকানিবিহীন গুলি”র জবাবে পাকিস্তানি সেনারা তাৎক্ষণিক ও কার্যকর প্রতিক্রিয়া জানায়। তাদের দাবি, এতে প্রতিপক্ষের হতাহতের ঘটনা ঘটেছে এবং একাধিক চৌকি ও সামরিক সরঞ্জাম ধ্বংস করা হয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, ভৌগোলিক অখণ্ডতা ও নাগরিকদের নিরাপত্তা রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হবে।

পাকিস্তানি কর্মকর্তাদের ভাষ্য অনুযায়ী, আফগান বাহিনী উত্তর-পশ্চিমাঞ্চলের পার্বত্য এলাকায় কয়েকটি সীমান্ত পোস্ট লক্ষ্য করে গুলি চালায়। প্রায় দুই ঘণ্টারও বেশি সময় ধরে সংঘর্ষ চলার পর পাকিস্তানি বাহিনী পাল্টা অভিযান চালায়।

অন্যদিকে তালেবান প্রশাসন দাবি করেছে, তারা সীমান্তরেখা বরাবর পাকিস্তানের সামরিক অবস্থান লক্ষ্য করে “বৃহৎ আকারের আক্রমণাত্মক অভিযান” শুরু করেছে। তালেবান মুখপাত্র জাবিউল্লাহ মুজাহিদ সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক বিবৃতিতে বলেন, পুনরাবৃত্ত উসকানির জবাব হিসেবেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। তিনি আরও জানান, রাতের অভিযানে বিশেষায়িত লেজার ইউনিট ব্যবহার করা হয়েছে।

উভয় পক্ষই সীমান্তের বিভিন্ন পোস্ট দখল বা ধ্বংস করার দাবি করেছে। তালেবান পক্ষের দাবি, কুনার প্রদেশে প্রায় ৪০ জন পাকিস্তানি সেনা নিহত হয়েছে। তবে পাকিস্তানের নিরাপত্তা সূত্র বলছে, তাদের অভিযানে ২২ জন তালেবান সদস্য নিহত হয়েছে এবং কয়েকটি ড্রোন ভূপাতিত করা হয়েছে। স্বাধীনভাবে এসব দাবি যাচাই করা সম্ভব হয়নি।

এর আগে গত সপ্তাহান্তে পাকিস্তান পূর্ব আফগানিস্তানে বিমান হামলা চালায়। ইসলামাবাদের দাবি ছিল, সেখানে পাকিস্তানি তালেবান ও খোরাসানভিত্তিক জঙ্গিগোষ্ঠীর ঘাঁটি ছিল। তবে কাবুল এই অভিযোগ অস্বীকার করে এবং জানায়, হামলায় শিশু সহ বহু সাধারণ মানুষ হতাহত হয়েছে।

পাকিস্তান দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছে যে, পাকিস্তানি তালেবান নেতারা আফগান ভূখণ্ডে আশ্রয় নিয়ে পাকিস্তানের ভেতরে হামলার পরিকল্পনা করে। তালেবান প্রশাসন বরাবরই এ অভিযোগ নাকচ করে এসেছে।

ক্রমবর্ধমান উত্তেজনার প্রেক্ষাপটে পাকিস্তান সারা দেশে নিরাপত্তা জোরদার করেছে। বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং গোয়েন্দাভিত্তিক অভিযান জোরদার করা হয়েছে। সন্দেহভাজন জঙ্গি ও তাদের সহযোগীদের গ্রেপ্তারও বাড়ানো হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

প্রায় ২ হাজার ৬০০ কিলোমিটার দীর্ঘ সীমান্তজুড়ে এই নতুন সংঘর্ষ গত অক্টোবরে প্রাণঘাতী লড়াইয়ের পর গড়ে ওঠা ভঙ্গুর যুদ্ধবিরতিকে আবারও অনিশ্চয়তার মুখে ঠেলে দিয়েছে। পরিস্থিতি আরও অবনতি হলে আঞ্চলিক স্থিতিশীলতায় বড় ধরনের প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

Visited 4 times, 1 visit(s) today