বর্ণবাদী আচরণের দায়ে ৫ সমর্থককে বহিষ্কার করল বেনফিকা

বর্ণবাদী আচরণের দায়ে ৫ সমর্থককে বহিষ্কার করল বেনফিকা
শেয়ার করুন

রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচে বর্ণবাদী মন্তব্যের অভিযোগে নিজেদের পাঁচ সমর্থককে সাময়িকভাবে নিষিদ্ধ করেছে পর্তুগিজ ক্লাব বেনফিকা। গত শুক্রবার ক্লাব কর্তৃপক্ষ এই কঠোর সিদ্ধান্তের কথা জানায়।

গত ১৭ ফেব্রুয়ারি চ্যাম্পিয়নস লিগের প্রথম লেগের ম্যাচে রিয়ালের কাছে হেরেছিল বেনফিকা। সেই ম্যাচেই রিয়ালের ব্রাজিলিয়ান তারকা ভিনিসিয়ুস জুনিয়রকে লক্ষ্য করে গ্যালারি থেকে বর্ণবাদী মন্তব্য করার অভিযোগ ওঠে। ভিনিসিয়ুস জয়সূচক গোলটি করার পর পরিস্থিতি এতটাই উত্তপ্ত হয়ে ওঠে যে, প্রায় ১০ মিনিট খেলা বন্ধ রাখতে হয়েছিল।

গত বুধবার দুই লেগ মিলিয়ে ৩-১ ব্যবধানে জিতে টুর্নামেন্টের পরের রাউন্ড নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ।

এই ঘটনার প্রেক্ষিতে বেনফিকা এক বিবৃতিতে জানিয়েছে, ‘পাঁচজন সদস্যকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে এবং তাদের মাঠে প্রবেশের কার্ড (রেড পাস) বাতিল করা হয়েছে। তদন্ত শেষে দোষী সাব্যস্ত হলে তাদের ক্লাব থেকে স্থায়ীভাবে বহিষ্কারও করা হতে পারে।’

সাবেক ইউরোপিয়ান চ্যাম্পিয়ন ক্লাবটি আরও যোগ করেছে, ‘বেনফিকা কোনো ধরনের বৈষম্য বা বর্ণবাদ বরদাশত করে না। ক্লাবের আদর্শ ও খেলাধুলার পরিবেশ নষ্ট করে—এমন যেকোনো আচরণের বিরুদ্ধে আমাদের অবস্থান সবসময় কঠোর থাকবে।’

Visited 2 times, 1 visit(s) today