❐ জেলা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে পরিষ্কার করার সময় সেপটিক ট্যাংক বিস্ফোরণে দুই শ্রমিক নিহত হয়েছেন।
গতকাল দুপুরে পৌরসভার পান্ডব বাড়িতে এ দুর্ঘটনা ঘটে। এতে অপর এক শ্রমিক গুরুতর আহত হয়েছেন।
জানা গেছে, পৌরসভার জিরোপয়েন্ট সংলগ্ন পান্ডব বাড়ির একটি নির্মাণাধীন ভবনের সেপটিক ট্যাংক পরিস্কার করার সময় হঠাৎ বিস্ফোরণ হয়। এতে অ্যামোনিয়া গ্যাসের বিষক্রিয়ায় দুই জন শ্রমিক নিহত ও অপর একজন আহত হয়েছেন।
খবর পেয়ে সোনাগাজী দমকলবাহিনীর সদস্যরা মরদেহ উদ্ধার করেন।
নিহতরা হলেন, উপজেলার চরখোয়াজ গ্রামের নুরুল হকের ছেলে মো. সজীব (২২) ও একই গ্রামের লিটনের ছেলে মো. আরাফাত। আহত ব্যক্তি হলেন, মধ্য চরছান্দিয়া গ্রামর আফজালুর রহমানের ছেলে নুরুল করিম (৩৪)।
সোনাগাজী থানার ওসি কামরুল ইসলাম বলেন, নিহতদের মরদেহ মরদেহ মর্গে পাঠানো হয়েছে। আহত ব্যক্তিকে চট্টগ্রাম মেডিকেলে পাঠানো হয়েছে।
লিখিত অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে বলে জানান ওসি।
