ফিফা বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান

ফিফা বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান
শেয়ার করুন

২০২৬ ফিফা বিশ্বকাপ বর্জন করতে পারে ইরান। যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় যৌথভাবে আয়োজিত এই টুর্নামেন্টে মধ্যপ্রাচ্যের দেশটির অংশগ্রহণ এখন চরম অনিশ্চয়তার মুখে। কেনিয়ায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত আলি গোলামপুর এই ইঙ্গিত দিয়েছেন।

গত শনিবার (২৮ ফেব্রুয়ারি) ইরানের ওপর যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ সামরিক অভিযানের পর উদ্ভূত পরিস্থিতিতে এই শঙ্কা তৈরি হয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আলি হোসেইনি খামেনেই-এর মৃত্যুর পর ইরান প্রতিবেশী দেশগুলোতে ড্রোন ও মিসাইল হামলা চালালে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।

নাইরোবিতে এক সংবাদ সম্মেলনে রাষ্ট্রদূত আলি গোলামপুর বলেন, ‘আমরা ঠিক জানি না ভবিষ্যতে কী ঘটতে যাচ্ছে। তবে বর্তমান পরিস্থিতি অব্যাহত থাকলে এটি আমাদের জাতীয় দলের বিশ্বকাপে অংশগ্রহণকে নিশ্চিতভাবেই বিপন্ন করবে।’

এর আগে ইরান ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজও নেতিবাচক ইঙ্গিত দিয়েছিলেন। তিনি স্থানীয় সংবাদমাধ্যমকে বলেন, ‘এই হামলার পর আমাদের কাছ থেকে বিশ্বকাপের জন্য খুব একটা আশা করা যায় না।’

ইরান ইতোমধ্যে সরাসরি বিশ্বকাপের মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করেছে। গ্রুপ ‘জি’-তে তাদের প্রতিপক্ষ হিসেবে রয়েছে বেলজিয়াম, মিসর ও নিউজিল্যান্ড। সূচি অনুযায়ী ইরানের তিনটি ম্যাচই যুক্তরাষ্ট্রের মাটিতে হওয়ার কথা ছিল।

ফিফার নিয়ম অনুযায়ী, কোনো দেশ নাম প্রত্যাহার করলে বা বহিষ্কৃত হলে সংস্থাটি নিজেদের ইচ্ছামতো বিকল্প দল বেছে নিতে পারে। ফুটবল মহলে আলোচনা চলছে, ইরানের পরিবর্তে সংযুক্ত আরব আমিরাত বা প্লে-অফ থেকে উঠে আসা ইরাক সুযোগ পেতে পারে।

তবে টুর্নামেন্ট শুরুর মাত্র তিন মাস আগে ভেন্যু পরিবর্তন বা দল বদল আয়োজক ও সম্প্রচারকারী সংস্থাগুলোর জন্য বড় ধরনের চ্যালেঞ্জ তৈরি করবে বলে মনে করা হচ্ছে।

Visited 1 times, 1 visit(s) today