নওগাঁয় ভেঙে-গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ

নওগাঁয় ভেঙে-গুঁড়িয়ে দেওয়া আওয়ামী লীগের কার্যালয়ে বেজে উঠল বঙ্গবন্ধুর ৭ই মার্চের ভাষণ
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


২০২৪-এর জুলাই-আগস্টের জঙ্গি হামলায় ভেঙে গুঁড়িয়ে দেওয়া নওগাঁ জেলা আওয়ামী লীগের কার্যালয়ে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ প্রচার হয়েছে।

কিছুদিন আগে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলনের পর ৫ই আগস্ট পরবর্তী বাস্তবতায় এবারই প্রথম পরিত্যক্ত কার্যালয়ের ভেতর থেকে হঠাৎ ভেসে এলো সমগ্র জাতিকে ঐকবদ্ধ করা সেই ঐতিহাসিক ভাষণ।

আজ ৭ই মার্চ, শনিবার সকালে জেলা আওয়ামী লীগের সাবেক বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক শফিকুর রহমান মামুন সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এ সংক্রান্ত ভিডিও প্রচার করেন।

স্বল্পদৈর্ঘ্যের ওই ভিডিওতে দেখা যায়, নওগাঁ জেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ের তৃতীয় তলায় বাঁধা একটি মাইক থেকে প্রচার হচ্ছে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বিশ্বজুড়ে আলোড়ন সৃষ্টিকারী ৭ই মার্চের ঐতিহাসিক ভাষণ। যে ভাষণ স্বাধীনতার ডাকে উদ্বুদ্ধ বাঙালিকে লড়াইর জন্য ঐক্যবদ্ধ করেছিল।

দলীয় কার্যালয়ে মাইকটি কার নেতৃত্বে কখন লাগানো হয়েছে এ বিষয়ে কিছু জানা যায়নি। এমনকি পার্শ্ববর্তী লোকজনও এ বিষয়ে মুখ খোলেননি। এমনকি দলীয় নেতাকর্মীরাও এ নিয়ে কোনো তথ্য দেননি গণমাধ্যমকে।

তবে সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন প্ল্যাটফর্মে দলের নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে লাগানো মাইকের ভাষণের ভিডিওটি তাদের প্রোফাইল এবং বিভিন্ন পেজ থেকে প্রচার করে জানান দিয়েছেন।

এ বিষয়ে সদর থানার ওসি মো. নিয়ামুল হক বলেন, ‘আমরা শুনেছি। মাইকটি খুলে নেওয়া হয়েছে বলে জানতে পেরেছি।’

Visited 13 times, 1 visit(s) today