বিশ্লেষণ || জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের বিধি ও সাংবিধানিক বাধ্যবাধকতা

বিশ্লেষণ || জাতীয় সংসদে মহামান্য রাষ্ট্রপতির ভাষণের বিধি ও সাংবিধানিক বাধ্যবাধকতা
শেয়ার করুন

গোলাম হোসেন


সরকারের মন্ত্রিসভা থেকে অনুমোদিত ভাষণই কি মহামান্য রাষ্ট্রপতিকে সংসদে দিতে হবে? মন্ত্রী পরিষদ বিভাগ থেকেই কি ভাষণটি প্রণীত হতে হবে?

বাংলাদেশে চলমান প্রথা অনুযায়ী উল্লিখিত দুটি প্রশ্নের উত্তরই ‘হ‍্যাঁ’। এখন প্রশ্ন হলো, এটি কি আইন না-কি প্রথা? এ প্রশ্নের উত্তরটি বিশ্লেষকরা হয়তো বিভিন্নভাবে দিবেন, কেউ হয়তো বলবেন ‘আইন’, আবার কেউ হয়তো বলবেন ‘সাংবিধানিক বাধ্যবাধকতা’। আমি বলবো, জাতীয় সংসদের প্রথম অধিবেশন এবং বছরের প্রথম অধিবেশনে ভাষণ প্রদান ‘সাংবিধানিক বাধ্যবাধকতা’, কিন্তু মন্ত্রিপরিষদ কর্তৃক প্রণীত ও মন্ত্রিসভার অনুমোদিত ভাষণ প্রদানটি ‘প্রথা’।

কিন্তু এ বিষয়ে অন্যেরা ভিন্নমত পোষণ করবেন কেনো? এমন একটি গুরুত্বপূর্ণ বিষয়ে সর্বজনের একইমত কেনো অনুপস্থিত? কারণ সংসদীয় সরকার ব্যবস্থায় এ বিষয়টি স্পষ্ট করণের যৌক্তিকতা থাকলেও কোন সরকারই যৌক্তিকতার প্রতি নজর দেয়নি!

বাংলাদেশ সংবিধানের ৭৩ অনুচ্ছেদে ‘রাষ্ট্রপতির ভাষণ ও বাণী’ প্রসঙ্গে বিধান রাখা আছে। ৭৩। (১) রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান এবং বাণী প্রেরণ করিতে পারিবেন।

(২) সংসদ-সদস্যদের প্রত্যেক সাধারণ নির্বাচনের পর প্রথম অধিবেশনের সূচনায় এবং প্রত্যেক বৎসর প্রথম অধিবেশনের সূচনায় রাষ্ট্রপতি সংসদে ভাষণ দান করিবেন।

(৩) রাষ্ট্রপতি কর্তৃক প্রদত্ত ভাষণ শ্রবণ বা প্রেরিত বাণী প্রাপ্তির পর সংসদ উক্ত ভাষণ বা বাণী সম্পর্কে আলোচনা করিবেন।

দেখুন, সংবিধানের এ অনুচ্ছেদে বলা নেই যে, সংসদে রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রিসভায় অনুমোদিত হতে হবে। তাহলে কেনো এই প্রথা? যতটুকু জানা যায়, ১৯৯৬ সালে একটি বিশেষ প্রেক্ষাপটে মন্ত্রিসভা একটি সিদ্ধান্ত নিয়ে এই বিধান চালু করে।

যুক্তি হলো, বাংলাদেশের সংবিধান অনুযায়ী, সংসদে রাষ্ট্রপতির ভাষণ বা বার্তা মন্ত্রিসভায় বিবেচিত এবং অনুমোদিত হতে হবে—এই বাধ্যবাধকতাটি সংবিধানের ৪৮(৩) অনুচ্ছেদে উল্লেখ রয়েছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত অন্য সকল ক্ষেত্রে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কাজ করেন।

সংবিধানের ৪৮(৩)-এ বল আছে, “এই সংবিধানের ৫৬ অনুচ্ছেদের (৩) দফা অনুসারে কেবল প্রধানমন্ত্রী ও ৯৫ অনুচ্ছেদের (১) দফা অনুসারে প্রধান বিচারপতি নিয়োগের ক্ষেত্র ব্যতীত রাষ্টপতি তাঁহার অন্য সকল দায়িত্ব পালনে প্রধানমন্ত্রীর পরামর্শ অনুযায়ী কার্য করিবেন:

তবে শর্ত থাকে যে, প্রধানমন্ত্রী রাষ্ট্রপতিকে আদৌ কোন পরামর্শদান করিয়াছেন কি না এবং করিয়া থাকিলে কি পরামর্শ দান করিয়াছেন, কোন আদালত সেই সম্পর্কে কোন প্রশ্নের তদন্ত করিতে পারিবেন না।”

দেখুন, এখানেও কিন্তু রাষ্ট্রপতির ভাষণ মন্ত্রীসভা থেকে অনুমোদিত হতে হবে কথাটা স্পষ্ট করে বলা নেই। যেহেতু রাষ্ট্রপতির ভাষণ ও বাণী প্রদান সংক্রান্ত সংবিধানে একটি অনুচ্ছেদ রয়েছে, সেহেতু ঐ অনুচ্ছেদেই ভাষণের ক্ষেত্রে অনুকরণীয় হওয়া উচিত। তাহলে প্রশ্ন হলো, ৪৮(৩) অনুযায়ী প্রধানমন্ত্রীর পরামর্শ প্রদানের বিষয়টি কিভাবে প্রতিপালন হবে?

সেটি শুধু সংসদেরই ভাষণ নয়, সর্ব কার্যেই পরামর্শ দিবেন। এমনকি রাষ্ট্রপতি যখন কোন সামাজিক অনুষ্ঠানে এবং বিশ্ববিদ্যালয়ের সমাবর্তন অনুষ্ঠানে ভাষণ দিতে যাবেন, সেই ভাষণের কথাগুলোতেও প্রধানমন্ত্রীর পরামর্শ থাকবে। পরামর্শ দেয়া এবং নির্দেশনা দেয়া একই অর্থ হতে পারে না।

মন্ত্রিসভার অনুমোদিত ভাষণই যদি রাষ্ট্রপতিকে দিতে হয়, সেটি নির্ধারিত বিধায় নির্দেশনার ন‍্যায়। রাষ্ট্রপতির একটি কার্যালয় আছে, রাষ্ট্রপতির অভিপ্রায়ে তার দপ্তর ভাষণ প্রস্তুত করে প্রধানমন্ত্রীর কাছে প্রেরণ করবেন, সেখানে প্রধানমন্ত্রীর পরামর্শ সন্নিবেশিত হবে এবং রাষ্ট্রপতির দফতর ভাষণটি চূড়ান্ত করবেন।  এমনটিই হওয়া যৌক্তিক বলে মনেকরি।

এখন প্রশ্ন হলো, যদি তখন রাষ্ট্রপতি  মাননীয় প্রধানমন্ত্রীর পরামর্শটি গ্রহণ না করে ভিন্নমত পোষণ করে ভিন্নতর কিছু বলেন! এখানেই তো গণতন্ত্রের মধুরতা, অর্থাৎ রীতি অনুযায়ী সংসদে রাষ্ট্রপতির ভাষণের উপর আলোচনা হবে এবং ধন্যবাদ প্রস্তাব সংসদের ভোটে পাশ হবে।

অতএব, রাষ্ট্রপতি যদি প্রধানমন্ত্রীর পরামর্শ উপেক্ষা করেন, সংসদে বিষয়টি আলোচনার সুযোগ থাকছে এবং সংসদ যেখানে সার্বভৌম, রাষ্ট্রপতির থাকা না থাকার প্রশ্নেও সিদ্ধান্ত নিতে পারবে। কিন্তু নির্ধারিত বক্তব্য প্রদান বাধ্যতামূলক করা মানে পরামর্শ নয়, নির্দেশনা। যা অসাংবিধানিক।

এখন প্রশ্ন হলো,  আলোচনাটি এ মুহূর্তে কেনো করছি? দেখুন, রাষ্ট্রপতি একটি প্রতিষ্ঠান এবং তিনি একজন স্বাধীন সত্তার মানুষও বটে। প্রাতিষ্ঠানিক বাস্তবতায় যা সমীচীন এবং যা  বিধান রয়েছে, তা মানতে তিনি বাধ্য কিন্তু মানুষ হিসেবে যদি ব‍্যক্তি আদর্শে আঘাত আসে, কোন কথা যদি ইচ্ছার বিরুদ্ধে বলতে হয়, কোন কথা বলতে গিয়ে যদি হৃদয়ে রক্তক্ষরণ হয়, সেটিও সরকারের বিবেচনায় নেয়া উচিত।

প্রশ্ন হলো, এমন কি কিছু হয়েছে বা হতে যাচ্ছে? ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ডাকা হয়েছে ১২ মার্চ, বর্তমান সরকারের মন্ত্রিসভায় অনুমোদিত ভাষণই সেদিন রাষ্ট্রপতি সংসদে দিবেন, মন্ত্রিপরিষদ বিভাগ ভাষণ প্রস্তুত করণে ব‍্যস্ত আছে। সেদিন কি ঘটবে, আদৌ রাষ্ট্রপতিকে তাঁর ইচ্ছার বিরুদ্ধে কিছু বলতে হবে কি-না আমরা এখনো জানি না। তবে অতীতে ঘটেনি।

২০০৯ সালের ২৫শে জানুয়ারি নবম জাতীয় সংসদের প্রথম অধিবেশনে তৎকালীন রাষ্ট্রপতি ড. ইয়াজউদ্দিন আহম্মেদ উদ্বোধনী ভাষণ দিয়েছিলেন। সেখানে সরকারের নীতি, ‘দিনবদলের সনদ’ বা নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন, সুশাসন প্রতিষ্ঠা, দুর্নীতি দমন, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, দারিদ্র্য বিমোচন এবং খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জনের ওপর বিশেষ জোর দিয়েছিলেন।

সেই ভাষণে এমন কিছু লেখা ছিলো না, যা বলতে গিয়ে জনাব ইয়াজউদ্দিন সাহেবের হৃদয়ে রক্তক্ষরণ হতে পারে। অর্থাৎ তিনি যেই সরকার কর্তৃক রাষ্ট্রপতি নির্বাচিত হয়েছিলেন, সেই সরকারের বিরুদ্ধে তেমন কোনো বিষোদগার বা সমালোচনা ছিলো না।

আওয়ামী লীগ সরকার তার পূর্ববর্তী বিএনপি সরকারের দুর্নীতি ও হাওয়া ভবনের লুটপাট সম্পর্কে যা বলতো, তা যদি ঐ ভাষণে জনাব ইয়াজউদ্দিন সাহেবকে দিয়ে বলানো হতো, নিশ্চয়ই তাঁর ব‍্যক্তি আদর্শে আঘাত আসতো। অতএব, আমরা এমনই আশায় থাকি, যেনো রাষ্ট্রপতির প্রাতিষ্ঠানিক বাধ‍্যবাধকতা ও ব‍্যক্তিসত্তা দুটোই সুরক্ষিত থাকে।

গোলাম হোসেন, রাজনৈতিক কর্মী
মার্চ ০৭, ২০২৬

Visited 80 times, 1 visit(s) today