❐ নিজস্ব প্রতিবেদক
দুদকের মামলায় সাবেক প্রধান বিচারপতি, বীর মুক্তিযোদ্ধা এ বি এম খায়রুল হককে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ ১১ই মার্চ, বুধবার বিচারপতি শেখ মোহাম্মদ জাকির হোসেনের নেতৃত্বে হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ফলে তার মুক্তি পেতে আর কোনো বাধা থাকছে না বলে জানিয়েছেন আইনজীবী মোনায়েম নবী শাহীন।
এর আগে, গত রোববার ২০২৪-এর জুলাই জঙ্গি হামলার সময় যুবদল কর্মী হত্যা ও তত্ত্বাবধায়ক সরকারসংক্রান্ত রায় জালিয়াতির কথিত অভিযোগে দায়ের করা চার মামলায় তাকে জামিন দিয়েছেন হাইকোর্ট।
আজ আদালতে আবেদনের পক্ষে ছিলেন জ্যেষ্ঠ আইনজীবী মনসরুল হক চৌধুরী, মোস্তাফিজুর রহমান খান, মোতাহার হোসেন সাজু এবং আইনজীবী মোনায়েম নবী শাহীন।
গত বছরের ২৪শে জুলাই বীর মুক্তিযোদ্ধা এ বি এম খায়রুল হকের রাজধানীর ধানমন্ডির বাসায় বিএনপি, জামায়াত-শিবির ও এনসিপির সন্ত্রাসীরা মব হামলা চালায়। বয়ঃবৃদ্ধ এই সাবেক প্রধান বিচারপতিকে চরমভাবে লাঞ্ছিত করা হয়। তাকে শারীরিকভাবে প্রচন্ড রকমের আহত করার পাশাপাশিত তার গলায় জুতার মালা পরিয়ে চরমভাবে নিগৃহীত করা হয় পুলিশের উপস্থিতিতে।
এক পর্যায়ে মব সন্ত্রাসীদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টো বীর মুক্তিযোদ্ধা ও সাবেক প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হককে হাতে দড়ি বেঁধে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাকে জুলাই জঙ্গি হামলার সময় ঢাকার যাত্রাবাড়ীতে যুবদল কর্মী আবদুল কাইয়ুম আহাদ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
এ মামলার পাশাপাশি তার বিরুদ্ধে তত্ত্বাবধায়ক সরকার সংক্রান্ত রায় জালিয়াতির অভিযোগে আরও তিনটি মামলা করা হয়। এর মধ্যে ২৭শে আগস্ট শাহবাগ থানায় একটি মামলা করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুজাহিদুল ইসলাম শাহীন।
একই অভিযোগে ২৫শে আগস্ট নারায়ণগঞ্জের ফতুল্লা থানায় মামলা করেন জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও ফতুল্লা থানা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল বারী ভুঁইয়া। একই দিনে নারায়ণগঞ্জের বন্দর থানায় আরেকটি মামলা করেন নুরুল ইসলাম মোল্লা।
এর আগে ৪ঠা আগস্ট প্লট জালিয়াতির অভিযোগে দুর্নীতি দমন কমিশন (দুদক) খায়রুল হকের বিরুদ্ধে পৃথক একটি মামলা দায়ের করে।
এসব মামলায় নিম্ন আদালতে জামিন আবেদন নামঞ্জুর হলে তিনি হাইকোর্টে জামিনের জন্য আবেদন করেন। পরবর্তীতে হাইকোর্ট পাঁচ মামলায় তার জামিন প্রশ্নে রুল জারি করে। এর আগে দুদকেরটি ছাড়া বাকি চার মামলায় শুনানি শেষ হয়।
উল্লেখ্য, ২০১০ সালের ২৭শে সেপ্টেম্বর দেশের ১৯তম প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ পান খায়রুল হক। ২০১১ সালের ১৭ই মে তিনি অবসরে যান। এরপর তিনবার তিনি আইন কমিশনের চেয়ারম্যান হন।
