ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে ‘গুপ্ত আতঙ্ক’: নেতা নির্বাচনে সতর্কতা

ছাত্রদলের নতুন কেন্দ্রীয় কমিটিতে ‘গুপ্ত আতঙ্ক’: নেতা নির্বাচনে সতর্কতা
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদন

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হওয়ায় সংগঠনটির নতুন নেতৃত্ব নিয়ে জোর আলোচনা শুরু হয়েছে। সম্ভাব্য নতুন কমিটি গঠনের প্রক্রিয়ায় অনুপ্রবেশ বা ‘গুপ্ত’ সদস্যদের বিষয়ে সতর্ক অবস্থানে রয়েছে দলটির শীর্ষ নেতৃত্ব—এমনটাই জানিয়েছেন দলীয় সূত্রগুলো।

গত ১ মার্চ বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল–এর বর্তমান কেন্দ্রীয় কমিটির মেয়াদ শেষ হয়। ২০২৪ সালের ১ মার্চ গঠিত এই কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির।

মেয়াদ শেষ হওয়ার পর সম্ভাব্য নতুন নেতৃত্ব নিয়ে সংগঠনের ভেতরে আলোচনা বাড়তে শুরু করেছে। সামাজিক যোগাযোগমাধ্যমসহ দলীয় বিভিন্ন পর্যায়ে সম্ভাব্য নেতৃত্ব নিয়ে নানা গুঞ্জনও দেখা যাচ্ছে।

দলীয় সূত্র জানায়, নতুন কেন্দ্রীয় কমিটি গঠনের বিষয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল–এর শীর্ষ পর্যায়ে আলোচনা চলছে। সভাপতি ও সাধারণ সম্পাদক পদে কয়েকজন নেতার নাম আলোচনায় রয়েছে। তবে শেষ পর্যন্ত কারা নেতৃত্বে আসবেন, সে সিদ্ধান্ত নির্ভর করবে দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান–এর ওপর।

সূত্রগুলো বলছে, নতুন কমিটি গঠনের ক্ষেত্রে নেতৃত্ব নির্বাচনে বিশেষ সতর্কতা অবলম্বন করা হচ্ছে। বিশেষ করে অন্য সংগঠনের ‘গুপ্ত’ কর্মীদের অনুপ্রবেশের আশঙ্কা বিবেচনায় রেখে যাচাই–বাছাইয়ের বিষয়টিকে গুরুত্ব দেওয়া হচ্ছে। অতীতে বিভিন্ন ছাত্রসংগঠনে অনুপ্রবেশের অভিযোগের বিষয়টি সামনে রেখে এবারের কমিটি গঠনে আন্দোলন–সংগ্রামে সক্রিয় এবং দীর্ঘদিন রাজপথে ভূমিকা রাখা নেতাদের অগ্রাধিকার দেওয়ার চিন্তা করা হচ্ছে।

সভাপতি ও সাধারণ সম্পাদক পদে সম্ভাব্য কয়েকজন নেতার নামও আলোচনায় রয়েছে। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ২০০৭–০৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বর্তমান কমিটির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক শ্যামল মালুমের নাম উল্লেখযোগ্য।

এ ছাড়া ২০০৮–০৯ শিক্ষাবর্ষ থেকে সহ–সভাপতি মঞ্জুরুল রিয়াদ, সহ–সভাপতি ইজাজুল কবির রুয়েল, সাংগঠনিক সম্পাদক আমানউল্লাহ আমান, সহ–সভাপতি খোরশেদ আলম সোহেল এবং সহ–সভাপতি সাফি ইসলামের নামও সম্ভাব্য নেতৃত্বের তালিকায় রয়েছে।

২০০৯–১০ শিক্ষাবর্ষ থেকে আলোচনায় রয়েছেন যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, ফারুক হোসেন, হাসানুর রহমান, সালেহ মোহাম্মদ আদনান, আরিফুল ইসলাম আরিফ, মাসুদুর রহমান, বায়েজিদ হোসেন এবং প্রচার সম্পাদক শরীফ প্রধান শুভ।

এ ছাড়া সম্ভাব্য নেতৃত্বের আলোচনায় আরও কয়েকজন নেতার নাম উঠে এসেছে। তাদের মধ্যে রয়েছেন কেন্দ্রীয় সংসদের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন, সাহিত্য ও প্রকাশনা সম্পাদক মিনহাজ আহমেদ প্রিন্স, ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস, ঢাকা মহানগর পূর্ব শাখার সভাপতি সোহাগ ভূইয়া, ছাত্রনেতা নাহিদুজ্জামান শিপন এবং বেসরকারি বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক এম. রাজীবুল ইসলাম তালুকদার বিন্দু। জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সভাপতি মেহেদী হাসান হিমেলের নামও আলোচনায় রয়েছে।

দলীয় বিশেষ সূত্র জানায়, আসন্ন কমিটিতে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত কাউকে নেতৃত্বে আনা হবে না। নেতৃত্ব নির্বাচনের ক্ষেত্রে আন্দোলন–সংগ্রামে ভূমিকা, কারাবরণ, ত্যাগ–তিতিক্ষা এবং ব্যক্তিগত ভাবমূর্তিকে গুরুত্ব দেওয়া হবে।

শিবির সংশ্লিষ্টতার অভিযোগে বহিষ্কার

এদিকে সংগঠনের ভেতরে শৃঙ্খলা রক্ষার বিষয়টিও গুরুত্ব পাচ্ছে। শিবিরের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগ ও দলীয় শৃঙ্খলা ভঙ্গের ঘটনায় ঢাকা বিশ্ববিদ্যালয়–এর কবি জসীম উদ্দীন হল শাখা ছাত্রদলের আহ্বায়ক এবং ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের জিএস পদপ্রার্থী শেখ তানভীর বারী হামিম–কে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে।

কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত অনুযায়ী তাকে প্রথমে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়। কিন্তু তিনি সেই নোটিশের জবাব না দেওয়ার কথা সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ঘোষণা করলে শেষ পর্যন্ত তাকে বহিষ্কারের সিদ্ধান্ত নেয় ছাত্রদল।

৪ মার্চ গণমাধ্যমে পাঠানো এক জরুরি সাংগঠনিক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে কেন্দ্রীয় সংসদের সিদ্ধান্ত মোতাবেক শেখ তানভীর বারী হামিমকে তার পদ থেকে সাময়িক অব্যাহতি দেওয়া হয়েছে। সংগঠনের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এ সিদ্ধান্ত অনুমোদন করেন।

এর আগে ২৭ ফেব্রুয়ারি রাতে সংগঠনের দপ্তর সম্পাদক জাহাঙ্গীর আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছিল। নোটিশে ২৪ ঘণ্টার মধ্যে লিখিত ব্যাখ্যা দিতে বলা হয়।

সংগঠনটির একাধিক সূত্র জানায়, ৫ আগস্টের পর থেকে হামিম নিজ উদ্যোগে কয়েকটি কর্মসূচি ও অনুষ্ঠান আয়োজন করেন। এসব অনুষ্ঠানে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির–এর নেতাকর্মীদের সংশ্লিষ্টতা ছিল বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে ছাত্রদলের একটি অংশে অসন্তোষ তৈরি হয়।

শোকজের পর এক ভিডিও বার্তায় হামিম জানান, তিনি লিখিত জবাব দেবেন না। তার দাবি, তিনি এমন কোনো বড় অন্যায় করেননি যে তাকে ব্যক্তিগতভাবে না জানিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে শোকজ দেওয়া হবে।

ভিডিও বার্তায় তিনি আরও বলেন, ২৬ ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে একটি ইফতার মাহফিল ও কোরআন তিলাওয়াত প্রতিযোগিতার আয়োজন করেছিলেন এবং সেই আয়োজনের কারণেই তাকে শোকজ করা হয়েছে বলে তিনি জানতে পেরেছেন।

হামিম বলেন, “শিক্ষার্থীদের সঙ্গে ইফতার আয়োজন যদি অপরাধ হয়, তাহলে আমি ক্ষমাপ্রার্থী। আর যদি এ ঘটনাকে অন্যায় মনে করেন নেতাকর্মীরা, তবে সেই অন্যায়েই আমি খুশি।”

উল্লেখ্য, হামিম গত ডাকসু নির্বাচনে জাতীয়তাবাদী প্যানেলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন।

ছাত্রদলের কয়েকজন পদপ্রত্যাশী নেতা মনে করেন, অতীতে আন্দোলন–সংগ্রামে সক্রিয় থাকা নেতাদের দিয়ে নতুন কমিটি গঠন করা হলে তৃণমূল নেতাকর্মীদের মধ্যেও ইতিবাচক সাড়া মিলবে। সংগঠন ও দলের হাইকমান্ড চাইলে যেকোনো সময় নতুন কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা সম্ভব বলেও তারা জানান।

Visited 29 times, 1 visit(s) today