২০২৫ সালের বিসিবি নির্বাচন নিয়ে জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্তে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সোমবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানায়, এই ধরনের পদক্ষেপ দেশের ক্রিকেটের স্বায়ত্তশাসন ও আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের ভাবমূর্তিকে সংকটে ফেলতে পারে। গত বছর দেড়েক ধরে বিসিবিতে নগ্ন সরকারি হস্তক্ষেপ হয়েছে। আমিনুল ইসলাম বুলবুল ত ইউনূস সরকারের উপদেষ্টা আসিফ নজরুলের কথাতেই চলতেন। সেই তিনি এখন সরকারি হস্তক্ষেপ হচ্ছে বলে নাকি আইসিসির কাছে নালিশ দিচ্ছেন।
বিসিবি তাদের বিবৃতিতে স্পষ্ট করেছে যে, বর্তমান বোর্ড সম্পূর্ণ গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নিজস্ব গঠনতন্ত্র মেনে নির্বাচিত হয়ে দায়িত্ব পালন করছে। হঠাৎ করে এনএসসির পক্ষ থেকে তদন্ত কমিটি গঠনের এই প্রজ্ঞাপন বোর্ডের স্থিতিশীলতা ও স্বাধীনতায় হস্তক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।
আইসিসির নিষেধাজ্ঞার শঙ্কা
বিসিবি মনে করিয়ে দিয়েছে যে, তারা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিলের (আইসিসি) পূর্ণ সদস্য। আইসিসির নিয়ম অনুযায়ী, নির্বাচিত কোনো ক্রিকেট বোর্ডের অভ্যন্তরীণ বিষয়ে সরকারি বা বাইরের কোনো হস্তক্ষেপ গ্রহণযোগ্য নয়। এমনটি ঘটলে আইসিসি কঠোর ব্যবস্থা নিতে পারে, এমনকি বাংলাদেশের সদস্যপদ বা বৈশ্বিক টুর্নামেন্টে অংশগ্রহণের ওপরও এর প্রভাব পড়তে পারে।
বিবৃতিতে আরও বলা হয়, বিষয়টি নিয়ে ইতিমধ্য়েই আইসিসি নেতৃত্বের সঙ্গে অনানুষ্ঠানিকভাবে কথা হয়েছে। আইসিসি ইঙ্গিত দিয়েছে যে, গণতান্ত্রিকভাবে নির্বাচিত বোর্ডের কাজে হস্তক্ষেপ আন্তর্জাতিক ক্রিকেটের নিয়মভঙ্গ হিসেবে গণ্য হতে পারে।
সরাসরি আলোচনার প্রস্তাব
আইসিসির কাছে আনুষ্ঠানিক কোনো অভিযোগ করার আগে বিসিবি চায় জাতীয় ক্রীড়া পরিষদের সঙ্গে সরাসরি কথা বলতে। প্রজ্ঞাপন জারির উদ্দেশ্য এবং এর সম্ভাব্য প্রভাব সম্পর্কে আগে সরকারের কাছ থেকে ব্যাখ্যা চাইবে বোর্ড। বিসিবি চায় এমনভাবে সমস্যার সমাধান হোক, যাতে মোস্তাফিজুর রহমানসহ সকল ক্রিকেটারের ভবিষ্যৎ এবং আন্তর্জাতিক ক্রিকেটে দেশের মর্যাদা অক্ষুণ্ণ থাকে।
তদন্ত কমিটির প্রেক্ষাপট
এর আগে গত ১১ মার্চ ২০২৫ সালের নির্বাচনে অনিয়ম ও কারচুপির অভিযোগ খতিয়ে দেখতে পাঁচ সদস্যের একটি স্বাধীন তদন্ত কমিটি গঠন করে এনএসসি। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি এ কে এম আসাদুজ্জামানের নেতৃত্বে এই কমিটিকে ১৫ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
উল্লেখ্য, জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থা এবং বিভিন্ন ক্লাবের পক্ষ থেকে ওই নির্বাচনের স্বচ্ছতা নিয়ে ক্রীড়া মন্ত্রণালয়ে একাধিক অভিযোগ জমা পড়ার পর সরকার এই তদন্তের সিদ্ধান্ত নেয়।
