কাপ অফ নেশনস খেতাব কেড়ে নেওয়ায় সেনেগালের তীব্র প্রতিবাদ

কাপ অফ নেশনস খেতাব কেড়ে নেওয়ায় সেনেগালের তীব্র প্রতিবাদ
শেয়ার করুন

আফ্রিকা কাপ অফ নেশনসের শিরোপা কেড়ে নেওয়ার সিদ্ধান্তকে ‘অন্যায়, নজিরবিহীন ও অগ্রহণযোগ্য’ বলে অভিহিত করেছে সেনেগাল। দেশটির ফুটবল ফেডারেশনের দাবি, এই সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলের ওপর এক কালো ছায়া ফেলেছে।

​গত মঙ্গলবার কনফেডারেশন অফ আফ্রিকান ফুটবল (সিএএফ)-এর আপিল বোর্ড মরক্কোকে আফ্রিকান চ্যাম্পিয়ন ঘোষণা করে। গত ১৮ জানুয়ারি ফাইনাল চলাকালীন সেনেগালের ফুটবলাররা মাঠ ছেড়ে চলে যাওয়ায় (ওয়াক-অফ) তাদের অযোগ্য ঘোষণা করা হয় এবং ম্যাচটিতে মরক্কোকে ৩-০ ব্যবধানে জয়ী ঘোষণা করা হয়।

​রাবাতে অনুষ্ঠিত সেই ফাইনালে অতিরিক্ত সময়ের গোলে জয় পেয়েছিল সেনেগাল। তবে নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষে যোগ করা সময়ে সেনেগালের বিপক্ষে পেনাল্টি দেওয়ায় প্রায় ১৪ মিনিট মাঠের বাইরে অবস্থান করেন তাদের ফুটবলাররা।

​কোচ পাপা বুনা থিয়াউ-এর প্ররোচনায় এই প্রতিবাদ শুরু হয়েছিল, যার ফলে তাকে বড় মেয়াদের নিষেধাজ্ঞার কবলে পড়তে হয়েছে। ওই উত্তপ্ত পরিস্থিতিতে দলের অভিজ্ঞ স্ট্রাইকার সাদিও মানে সতীর্থদের মাঠে ফিরিয়ে আনার চেষ্টা করে বীরোচিত ভূমিকা পালন করেন।
​সেনেগাল মাঠে ফেরার পর খেলা পুনরায় শুরু হয়। মরক্কো সেই পেনাল্টি মিস করলে ম্যাচটি অতিরিক্ত সময়ে গড়ায় এবং ৯৪ মিনিটে মিডফিল্ডার পাপে গেয়ের গোলে জয় নিশ্চিত করে সেনেগাল।

​তবে সিএএফ-এর আপিল বোর্ড জানিয়েছে, মাঠ ছেড়ে যাওয়ার মাধ্যমে সেনেগাল টুর্নামেন্টের নিয়ম লঙ্ঘন করেছে, যার ফলে তারা ম্যাচটি হারিয়েছে বলে গণ্য হবে।

​বুধবার এক বিবৃতিতে সেনেগালিজ ফুটবল ফেডারেশন জানায়, ‘এই অন্যায় ও অগ্রহণযোগ্য সিদ্ধান্ত আফ্রিকান ফুটবলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে। নিজেদের অধিকার ও সেনেগালিজ ফুটবলের স্বার্থ রক্ষায় ফেডারেশন খুব দ্রুত সুইজারল্যান্ডের লুসানে অবস্থিত আন্তর্জাতিক ক্রীড়া আদালত (সিএএস)-এ আপিল করবে।’
​এর আগে ২০১৯ সালেও সিএএস-কে এমন একটি বিষয়ে হস্তক্ষেপ করতে হয়েছিল। সেবার আফ্রিকান চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে ভিএআর (VAR) নিয়ে প্রতিবাদের জেরে মাঠ ছেড়েছিল মরক্কোর ক্লাব ওয়াইদাদ কাসাব্লাঙ্কা। সেই ঘটনায় সিএএফ ম্যাচ পুনরায় খেলার নির্দেশ দিলেও ক্রীড়া আদালত রেফারির সিদ্ধান্ত বহাল রেখে প্রতিপক্ষ এসপ্যারেন্সকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছিল।

​চলতি বছরের সেই ফাইনালে কঙ্গোর রেফারি জঁ-জাক এনডালা সেনেগালের ওয়াক-অফের পরপরই ম্যাচ শেষ না করে খেলা চালিয়ে যাওয়ার যে সিদ্ধান্ত নিয়েছিলেন, সেটিই এখন সেনেগালের প্রধান আইনি যুক্তি হতে পারে। ফুটবলের নিয়ম অনুযায়ী, মাঠের ভেতরে রেফারির সিদ্ধান্তই চূড়ান্ত।

​সাবেক সেনেগাল কোচ ক্লদ লে রয় ফরাসি টেলিভিশনে দেওয়া এক সাক্ষাৎকারে এই সিদ্ধান্তের সমালোচনা করে বলেন, ‘বছরের পর বছর ধরে সিএএফ রেফারির সিদ্ধান্তগুলোকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে আসছে। ফাইনালের দুই মাস পর এমন সিদ্ধান্ত হবে তা কেউ ভাবতেও পারেনি।’

Visited 37 times, 1 visit(s) today