ইতালি চাপে আছে: বসনিয়ার অধিনায়ক

ইতালি চাপে আছে: বসনিয়ার অধিনায়ক
শেয়ার করুন

ওয়েলসের বিপক্ষে নিজেদের জয় নিয়ে ইতালিয়ান ফুটবলারদের উল্লাসকে খুব একটা গুরুত্ব দিচ্ছেন না বসনিয়া অধিনায়ক এডিন জেকো। তবে তিনি মনে করেন, চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা এখন বেশ চাপের মুখে রয়েছে। মঙ্গলবার জেনিকাতে দুই দলের মধ্যে হতে যাওয়া বিশ্বকাপের প্লে-অফ ফাইনালের আগে ইতালির এই প্রতিক্রিয়া তাদের অস্বস্তিরই বহিঃপ্রকাশ।

গত বৃহস্পতিবার উত্তর আয়ারল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে জিতেছিল ইতালি। এরপর ইতালিয়ান টিভিতে দেখা যায়, জেকোর সাবেক ক্লাব সতীর্থ ফেদেরিকো দিমার্কোসহ বেশ কয়েকজন খেলোয়াড় বসনিয়ার পেনাল্টি শুটআউট উপভোগ করছেন।

বসনিয়া জেতার পর ইতালিয়ান খেলোয়াড়দের আনন্দ করতে দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে ক্ষোভ প্রকাশ করেন বসনিয়ান সমর্থকরা। একে প্রতিপক্ষের প্রতি অসম্মান হিসেবে দেখছেন অনেকে।

তবে সোমবার সাংবাদিকদের জেকো বলেন, ‘যা হয়েছে তা খুবই স্বাভাবিক। সবারই নিজস্ব পছন্দ থাকে। আমার হয়তো ইচ্ছে ছিল ইতালির বিপক্ষে না খেলার। তবে এখনকার দিনে সামাজিক যোগাযোগমাধ্যমের কারণে ছোট বিষয়ও বড় হয়ে যায়। দিমার্কো আমাকে মেসেজ দিয়ে জানিয়েছে সে কাউকে ছোট করতে চায়নি। আমি তাকে বলেছি, এটা নিয়ে কথা বলারই কিছু নেই।’

ইতালি এবার টানা তৃতীয়বারের মতো বিশ্বকাপ থেকে ছিটকে যাওয়ার শঙ্কায় আছে। এই প্রসঙ্গে জেকো বলেন, ‘ইতালি কেন ওয়েলসে খেলতে চায়নি আমি জানি না। আমরা সেখানে কোনো ভয় ছাড়াই জিতেছি। ইতালির মতো বড় দলের কাউকে ভয় পাওয়ার কথা নয়। তবে টানা দুটি বিশ্বকাপ মিস করার পর এই ম্যাচে তারা সত্যিই চাপে থাকবে। তাদের মধ্যে ভয় কাজ করছে।’

ইতালিয়ান ফুটবলের সমস্যাগুলো জেকোর বেশ চেনা। কারণ তিনি ইন্টার মিলান, এএস রোমা ও ফিওরেন্টিনার মতো ক্লাবে খেলেছেন। তাঁর মতে, ইতালির সংবাদমাধ্যমও ইতালিয়ান ফুটবলে তীব্রতার অভাব নিয়ে সবসময় অভিযোগ করে। এ কারণেই ইতালির ক্লাবগুলো এখন ইউরোপীয় প্রতিযোগিতায় ভালো করতে পারছে না।

মঙ্গলবার দুই দলের লড়াইয়ে একটি হাড্ডাহাড্ডি ও কৌশলগত ম্যাচ আশা করছেন এই তারকা স্ট্রাইকার।

৪০ বছরেও থামেননি জেকো

ওয়েলসের বিপক্ষে সমতাসূচক গোল করে একটি অনন্য রেকর্ড ধরে রেখেছেন জেকো। ২০০৭ সালে অভিষেকের পর থেকে প্রতিটি বছরেই তিনি গোল করেছেন। বসনিয়ার হয়ে সবচেয়ে বেশি গোল ও ম্যাচ খেলা এই ফুটবলার এখনই অবসর নিতে চান না।

বর্তমানে জার্মানির ক্লাব শালকা ০৪-এর হয়ে খেলা জেকো বলেন, ‘টানা ২০ বছর ধরে গোল করে যাচ্ছি, এটা ভেবেই অবাক লাগছে। ক্যারিয়ার চোখের পলকে কেটে যায়। যতদিন শরীর সায় দেবে আর দলকে সাহায্য করতে পারব, আমি খেলে যাব।’

 

Visited 14 times, 1 visit(s) today