নিজস্ব প্রতিবেদক
ঢাকা: জাতীয় সংসদে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদমন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, দেশে জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে। তবে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে পেট্রোল পাম্প ও সিএনজি স্টেশনে গাড়ি ও মোটরসাইকেলের দীর্ঘ লাইন এবং ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে তেল নেওয়ার দৃশ্য এই বক্তব্যের সঙ্গে সরাসরি সাংঘর্ষিক বলে মনে করছেন সাধারণ মানুষ।
মঙ্গলবার (৭ এপ্রিল) জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় মন্ত্রী বলেন, বর্তমানে দেশে সবচেয়ে বেশি মজুত রয়েছে ডিজেল— ১ লাখ ৬৪ হাজার ৬৪৪ টন। এছাড়া অকটেন ১০ হাজার ৫০০ টন এবং পেট্রোল ১৬ হাজার টন মজুত আছে। তিনি আরও জানান, সরবরাহ স্বাভাবিক রাখতে সরকার সম্ভাব্য সব উৎস থেকে জ্বালানি সংগ্রহ করছে এবং অবৈধ মজুত ও কালোবাজারি ঠেকাতে অভিযান চলছে। গত এক মাসে অভিযানে ৪০ লাখ ৪৮ হাজার ৪৬৫ লিটার তেল উদ্ধার করা হয়েছে।
তেলের দাম বৃদ্ধির প্রসঙ্গে মন্ত্রী বলেন, জ্বালানি তেলের দাম সমন্বয়ের একটি নিয়মিত প্রক্রিয়া রয়েছে। প্রতি মাসে পর্যালোচনা করে প্রয়োজন হলে কেবিনেট বৈঠকে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হবে।
অথচ বাস্তবে ঢাকাসহ দেশের বিভিন্ন জেলায় পেট্রোল পাম্পগুলোতে গাড়ি, মোটরসাইকেল ও ভাড়ায় চালিত যানবাহনের দীর্ঘ লাইন দেখা যাচ্ছে। অনেক চালক জানিয়েছেন, দুই-তিনশ টাকার তেল নিতে ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে। কোথাও কোথাও পাম্পে তেল ফুরিয়ে যাওয়ার খবরও পাওয়া যাচ্ছে। বিশেষ করে মোটরসাইকেল চালকদের মধ্যে আতঙ্ক বেশি। অনেকে ট্যাংকি ভর্তি থাকা সত্ত্বেও আবার লাইনে দাঁড়াচ্ছেন বলে অভিযোগ উঠেছে।সাধারণ মানুষ ও যানবাহন চালকদের অভিযোগ— সরকারি বক্তব্যে মজুতের কথা বলা হলেও বাস্তবে সরবরাহে ঘাটতি ও বিতরণ ব্যবস্থায় সমস্যা রয়েছে। কেউ কেউ প্যানিক বাইং (আতঙ্কিত হয়ে অতিরিক্ত কেনাকাটা) ও অবৈধ মজুতদারদের কারণে এই সংকট তীব্র হচ্ছে বলে মনে করছেন।
জ্বালানি সংকটের প্রভাব পড়ছে দৈনন্দিন জীবনে। অনেক ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক জানিয়েছেন, তেলের অভাবে তাদের আয় অর্ধেকেরও কমে গেছে। কেউ কেউ বিকল্প হিসেবে ইলেকট্রিক যানবাহনের দিকে ঝুঁকছেন।সরকার ইতোমধ্যে যানবাহনে তেল নেওয়ার সীমা বেঁধে দিয়েছে এবং ফিলিং স্টেশনের সময়সূচি সংক্ষিপ্ত করেছে। তবে সংসদে মন্ত্রীর আশ্বাস এবং রাস্তায় দীর্ঘ লাইনের বাস্তবতার মধ্যে ফারাক এখনও স্পষ্ট। জনগণের প্রত্যাশা— সরকার যেন দ্রুত সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক করে এবং সংকটের স্থায়ী সমাধানে কার্যকর পদক্ষেপ নেয়।
