❐ জেলা প্রতিনিধি
ফেনীর সোনাগাজীতে মাদক-চাঁদাবাজি নিয়ে পৃথক সংঘর্ষে বিএনপির সহযোগী সংগঠনের ৫ নেতাকর্মী আহত হয়েছেন।
শনিবার রাতে উপজেলার কাজীরহাট ও লক্ষীপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।
এসব ঘটনায় পুলিশ তিনজন গ্রেপ্তার ও স্থানীয়দের জিজ্ঞাসাবাদ করেছে বলে জানিয়েছেন সোনাগাজী থানার ওসি।
জানা গেছে, মাদক ব্যবসার নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে শনিবার রাত ১০টার দিকে মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষ্মীপুর এলাকায় যুবদলের দুইপক্ষের সংঘর্ষ ও গোলাগুলি হয়। এ ঘটনায় যুবদল নেতা মোহাম্মদ সুমন, যুবদলকর্মী হারুন ও ফয়সাল আহত হন।
আহতদের ফেনী সদর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।
অপরদিকে, সোনাগাজীর কাজীরহাট বাজারে চুরি-চাঁদাবাজিতে বাধা দেওয়ায় উপজেলা স্বেচ্ছাসেবকদল যুগ্ম আহবায়ক জসিম উদ্দিনকে হত্যাচেষ্টার অভিযোগ উঠেছে নিজদলীয় নেতার বিরুদ্ধে।
আহত জসিমের দাবি, কাজীরহাট এলাকায় চাঁদাবাজি ও চুরিতে বাধা দেওয়ায় শনিবার রাত ৯টার দিকে যুবদলকর্মী বাবুর নেতৃত্বে তার সহযোগীরা প্রকাশ্যে তাকে পিটিয়ে হত্যাচেষ্টা করে।
উপজেলা বিএনপির আহবায়ক জয়নাল আবদিনের দাবি, এসব ঘটনা ব্যক্তিগত স্বার্থ নিয়ে হয়েছে। কোন ঘটনায় দলীয় কোন বিষয় নেই।
সোনাগাজী মডেল থানার অফিসার ইনচার্জ কামরুল ইসলাম জানান, উপজেলা মঙ্গলকান্দি ইউনিয়নের লক্ষিপুর ও বগাদানা ইউনিয়নের কাজিরহাটে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সরকারদলীয় দুই পক্ষের মারামারির পৃথক দুটি ঘটনায় ৫ জন আহত হয়েছেন।
ঘটনাস্থল ও আশপাশের ও এলাকায় চালিয়ে সুমনসহ ৩ জনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
