❐ স্থানীয় সংবাদদাতা
কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় ধান কাটার মৌসুমে অসহায় কৃষকদের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ ছাত্রলীগের চট্টগ্রাম দক্ষিণ ও বাঁশখালী উপজেলার নেতাকর্মীরা।
আজ ৭ই মে, বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার বিভিন্ন এলাকায় কৃষকের ধান কেটে তা মাড়াই করে ঘরে পৌঁছে দেওয়ার কর্মসূচি পালন করেন তারা।
তীব্র রোদ ও শ্রমিক সংকটের কারণে বিপাকে পড়া স্থানীয় কয়েকজন কৃষকের পাশে দাঁড়াতে আজ সকালে কাস্তে হাতে মাঠে নামেন ছাত্রলীগের একদল নেতাকর্মী। কোনো প্রতিদান ছাড়াই তারা দিনভর কৃষকের জমির পাকা ধান কাটেন এবং নিজ কাঁধে করে সেই ধান কৃষকের আঙিনায় পৌঁছে দেন।
বর্তমানে সংগঠনটি রাজনৈতিকভাবে ‘নিষিদ্ধ’ ঘোষিত হলেও জনকল্যাণমূলক কাজে তাদের সক্রিয় উপস্থিতি এলাকায় আলোচনার জন্ম দিয়েছে।
ধান কাটা কর্মসূচি শেষে বাঁশখালী উপজেলা ছাত্রলীগ নেতা মুহাম্মদ বোরহান উদ্দিন বলেন, “ছাত্রলীগের মূলমন্ত্রই হলো শিক্ষার পাশাপাশি মানুষের সেবা করা। অসহায় কৃষকের মুখে হাসি ফোটানোই আমাদের সার্থকতা। কেন্দ্রীয় নির্দেশনায় আমরা এই কাজ করছি।”
তিনি বলেন, “অতীতেও ছাত্রলীগ বিপদে-আপদে সাধারণ মানুষের পাশে ছিল, বর্তমানেও আছে এবং ভবিষ্যতেও আমরা যেকোনো দুর্যোগে মানুষের সেবায় নিয়োজিত থাকবো।”
শ্রমিক সংকটের এই সময়ে ছাত্রলীগের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন, সুবিধাভোগী কৃষকরা। তারা জানান, সময়মতো ধান ঘরে তুলতে না পারলে বড় ক্ষতির আশঙ্কা ছিল, কিন্তু ছাত্রলীগের তরুণরা এসে সেই বিপদ থেকে তাদের রক্ষা করেছেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে বা পরিস্থিতির তোয়াক্কা না করেই ছাত্রলীগের এই জনহিতকর কার্যক্রমে প্রশংসা করে সামাজিক যোগাযোগমাধ্যমে লিখেছেন অনেকেই। নেতাকর্মীরাও জানান, তারা কেবল মানবিক দায়িত্ববোধ থেকেই এ কাজ সম্পন্ন করেছেন।
