পুরো জাতি আজ ব্যর্থ: হামের প্রাদুর্ভাবে ক্রিকেটার রুবেল হোসেনের আবেগঘন প্রতিবাদ

পুরো জাতি আজ ব্যর্থ: হামের প্রাদুর্ভাবে ক্রিকেটার রুবেল হোসেনের আবেগঘন প্রতিবাদ
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক:

 

দেশে হামের প্রাদুর্ভাবে শিশুদের মৃত্যুর ঘটনায় তীব্র ক্ষোভ ও আবেগঘন প্রতিবাদ জানিয়েছেন জাতীয় দলের পেসার রুবেল হোসেন। ফেসবুকে দেওয়া একটি পোস্টে তিনি সমাজের দ্বিমুখী আচরণ, স্বাস্থ্য খাতের অব্যবস্থাপনা এবং টিকা কার্যক্রমের গাফিলতির সমালোচনা করেছেন।

 

রুবেল হোসেন লিখেছেন, একটি প্রাণীর কষ্ট দেখলে আমরা বিচলিত হয়ে পড়ি, অথচ চোখের সামনে প্রতিদিন ডজন ডজন শিশু হামে আক্রান্ত হয়ে মারা যাচ্ছে—এতে সমাজের বিবেক যেন পাথর হয়ে গেছে। তিনি এই সম্মিলিত নীরবতাকে “পুরো জাতির ব্যর্থতা” বলে অভিহিত করেছেন।

 

তিনি আরও বলেন, হাম একটি প্রতিরোধযোগ্য রোগ। এমন রোগে শিশুদের অকাল মৃত্যু কোনোভাবেই মেনে নেওয়া যায় না। একটি শিশুর মৃত্যু শুধু একটি পরিবারের নয়, পুরো জাতির পরাজয়। রুবেল টিকাদান কর্মসূচির শিথিলতা নিয়ে প্রশ্ন তুলে বলেন, “জনগণ জানতে চায়, কেন টিকা কার্যক্রমে এমন অবহেলা হলো? কারা এর জন্য দায়ী? এই সংকটময় মুহূর্তেও দায়িত্বশীলদের মধ্যে কোনো উদ্বেগ বা কার্যকর পদক্ষেপ দেখা যাচ্ছে না কেন?”

 

পোস্টের শেষাংশে তিনি সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালো দাবি জানিয়েছেন। রুবেল বলেন, এই মৃত্যুগুলোকে ভাগ্যের লিখন বলে এড়িয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। অবিলম্বে উচ্চপর্যায়ের তদন্ত করে গাফিলতির কারণ বের করতে হবে এবং দায়ী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে।

 

শিশুদের সুরক্ষায় রাষ্ট্রের সর্বোচ্চ মনোযোগ দাবি করে তিনি তার বক্তব্য শেষ করেছেন।

রুবেল হোসেন মাঠের বাইরেও বিভিন্ন সামাজিক ইস্যুতে সোচ্চার থাকার জন্য পরিচিত। তার এই আবেগঘন পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে।

 

Visited 17 times, 1 visit(s) today