মাছ চুরির অপবাদে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা

মাছ চুরির অপবাদে হিন্দু যুবককে পিটিয়ে হত্যা
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
মাছ চুরির সন্দেহ থেকে এক যুবককে বাজার কমিটির কার্যালয়ে আটকে রেখে পৈশাচিক নির্যাতন, মুক্তিপণ হিসেবে ৪০ হাজার টাকা দাবি এবং শেষ পর্যন্ত টাকা না পেয়ে পিটিয়ে হত্যার পর লাশ ঝুলিয়ে রাখার গুরুতর অভিযোগ উঠেছে। মানিকগঞ্জ সদর উপজেলার তরা বাজারে এই বর্বরোচিত ঘটনাটি ঘটেছে। নিহতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, এটি আত্মহত্যা নয় বরং একটি সুপরিকল্পিত হত্যাকাণ্ড।

নিহত কৃষ্ণ রাজবংশী (৩৫) মানিকগঞ্জ পৌর এলাকার বান্দুটিয়া মাঝিপাড়া মহল্লার বাসিন্দা। তিনি পেশায় একজন মৎস্যজীবী ও দিনমজুর ছিলেন। পরিবারের দাবি, বুধবার ভোরে বাড়ি থেকে বের হওয়ার পর মাছ চুরির অভিযোগে তরা বাজার ব্যবস্থাপনা কমিটির লোকজন কৃষ্ণকে ও আরও একজনকে আটক করে। একজনকে ছেড়ে দিলেও কৃষ্ণকে কমিটির কার্যালয়ে আটকে রাখা হয়।

নিহতের স্ত্রী যমুনা রানী রাজবংশী জানান, বুধবার সকাল সাড়ে ৯টার দিকে মোটরসাইকেলে আসা দুই ব্যক্তি তাঁদের বাড়িতে গিয়ে কৃষ্ণকে ছাড়িয়ে নিতে ৪০ হাজার টাকা দাবি করেন। দরিদ্র এই পরিবারের পক্ষে এত বিশাল অংকের টাকা মুহূর্তের মধ্যে জোগাড় করা অসম্ভব ছিল।

টাকা জোগাড় করতে না পেরে যমুনা রানী নিজেই বাজার কমিটির কার্যালয়ে ছুটে যান। সেখানে গিয়ে তিনি যা দেখেন, তা ছিল শিউরে ওঠার মতো। কান্নাজড়িত কণ্ঠে তিনি বলেন, আমি গিয়ে দেখলাম ওরা আমার স্বামীরে মারধর করছে। আমি তাগো পায়ে ধরে কাঁদছি, বলছি পুলিশে দেন, তাও মারধর থামায়নি। ওরা আমার স্বামীরে মাইরা ফ্যানের লগে ঝুলাইয়া রাখছে। আমার দুই সন্তানরে এতিম করছে। আমি এই খুনিগো বিচার চাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, গতকাল বুধবার দুপুরে বাজার কমিটির কার্যালয়ে ফ্যানের সাথে কৃষ্ণের মরদেহ ঝুলতে দেখে সাধারণ মানুষ। অভিযোগ উঠেছে, ঘটনাটি জানাজানি হওয়ার পর বাজার কমিটির কয়েকজন প্রভাবশালী সদস্য তড়িঘড়ি করে মরদেহ সরিয়ে ফেলার চেষ্টা করেন। তবে স্থানীয়দের তীব্র বাধার মুখে তারা ব্যর্থ হয়ে সটকে পড়েন। পরবর্তীতে পুলিশ গিয়ে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়।

লোমহর্ষক এই ঘটনার পর থেকেই তরা বাজার ব্যবস্থাপনা কমিটির সভাপতি মো. ইব্রাহিমসহ অভিযুক্ত সদস্যরা গা ঢাকা দিয়েছেন। সাংবাদিকরা যোগাযোগের চেষ্টা করলেও তাঁদের ফোন বন্ধ পাওয়া যায়। একজন দরিদ্র শ্রমিকের ওপর এমন অমানবিক নির্যাতনে এলাকাবাসীর মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে।

মানিকগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইকরাম হোসেন জানিয়েছেন, ময়নাতদন্ত শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

তবে নিহতের পরিবার ও প্রতিবেশীদের দাবি, এটি স্রেফ প্ররোচনা নয়, এটি সরাসরি পিটিয়ে হত্যার ঘটনা। অভিযুক্তদের দ্রুত গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন মাঝিপাড়া মহল্লার বাসিন্দারা।

Visited 59 times, 1 visit(s) today