বিডি ডাইজেস্ট প্রতিবেদক
চট্টগ্রাম নগরীর একটি ফ্লাইওভারের রেলিং থেকে আকবর শাহ থানা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক কাওছার আহমেদের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার (১২ মে) রাত ৯টার দিকে স্থানীয়রা মরদেহটি দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
এদিকে কাওছারের মৃত্যুকে ঘিরে রহস্য দানা বাঁধছে। একে ‘পরিকল্পিত হত্যাকাণ্ড’ দাবি করে বিচারের দাবিতে সরব হয়েছে কেন্দ্রীয় ও স্থানীয় ছাত্রলীগ।
ছাত্রলীগ নেতাকর্মীদের দাবি, এটি কোনোভাবেই আত্মহত্যা হতে পারে না। ফ্লাইওভারের রেলিংয়ে যেভাবে মরদেহ পাওয়া গেছে, তা এক গভীর ষড়যন্ত্র বা ‘নীল নকশার’ অংশ। তাদের অভিযোগ, স্বাধীনতা বিরোধী অপশক্তি রাজনৈতিক প্রতিহিংসা থেকে কাওছারকে হত্যা করে ঝুলিয়ে রেখেছে।
এই ঘটনার তীব্র নিন্দা ও বিচার দাবি করেছেন সংগঠনের শীর্ষ নেতারা।ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি মাজহারুল ইসলাম শয়ন, এই মৃত্যুকে হত্যাকাণ্ড উল্লেখ করে দোষীদের দ্রুত গ্রেফতারের দাবি জানান।
কেন্দ্রীয় ছাত্রলীগের সহ-সভাপতি তাহসান আহমেদ রাসেল সামাজিক যোগাযোগ মাধ্যমে পোষ্টের মাধ্যমে এই ঘটনার সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি তুলেছেন।
স্থানীয় সূত্র জানায়, রাতের আঁধারে ফ্লাইওভারে ঝুলন্ত অবস্থায় মরদেহটি দেখে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। খবর পেয়ে আকবর শাহ থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরেই নিশ্চিত হওয়া যাবে এটি হত্যা না কি আত্মহত্যা।
ছাত্রলীগ নেতার এই রহস্যজনক মৃত্যুতে চট্টগ্রামের তৃণমূল নেতাকর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ বিরাজ করছে। নেতাকর্মীরা অবিলম্বে তদন্ত কমিটি গঠন এবং প্রকৃত অপরাধীদের চিহ্নিত করার আল্টিমেটাম দিয়েছেন। অন্যথায় বড় ধরনের আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন তারা।
