মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আওয়ামীপন্থী আইনজীবীদের মানববন্ধনে হামলা করে কর্মসূচি পণ্ড বিএনপিপন্থীদের

মার্কিন চুক্তি বাতিলের দাবিতে আওয়ামীপন্থী আইনজীবীদের মানববন্ধনে হামলা করে কর্মসূচি পণ্ড বিএনপিপন্থীদের
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


ইউনূস সরকারের করা মার্কিন বাণিজ্যচুক্তি বাতিলের দাবিতে আওয়ামীপন্থী আইনজীবীরা ঢাকা বার সাধারণ আইনজীবীর ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন। তবে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের ওপর হামলা চালিয়ে সেই মানববন্ধন কর্মসূচি পণ্ড করে দেন।

আজ ১৪ই মে, বৃহস্পতিবার মহানগর দায়রা জজ আদালত প্রাঙ্গণে মানববন্ধনের আয়োজন করা হয়। দেশবিরোধী মার্কিন বাণিজ্য চুক্তি বাতিলের দাবি করে রাজপথে দাঁড়ান আওয়ামীপন্থী আইনজীবীরা।

আইনজীবীদের মানববন্ধন চলাকালে বিএনপিপন্থী আইনজীবীরা তাদের আদালত থেকে সরে যাওয়ার জন্য হুমকি-ধমকি দেন, মানববন্ধন না করে চলে যাওয়ার ‘নির্দেশনা’ দেন। এমন হুমকি-ধমকির প্রতিবাদ জানালে তাকেসহ কয়েকজন আইনজীবীকে ধাক্কা ফেলে আঘাত করেন বিএনপিপন্থী আইনজীবীরা।

একপর্যায়ে আওয়ামীপন্থী আইনজীবীরা ঘটনাস্থল থেকে হটতে বাধ্য হন।

হামলার বিষয়ে বিএনপিপন্থী আইনজীবী জাকির হাসান (জুয়েল) দাবি করেন, কয়েকজন আইনজীবী মিলে একটি বিশৃঙ্খল পরিবেশ তৈরি করার জন্য এই কার্যক্রম পরিচালনা করেন। ‘সাধারণ’ আইনজীবীরা এই কার্যক্রমে বাধা দেওয়ার জন্য অনুরোধ করেন, নিষেধ করেন। পরবর্তীতে তারা সংঘবদ্ধ হওয়ার চেষ্টা করেন এবং পরে তারা চলে যান।

তিনি বলেন, শুনেছি, গতকাল সিজেএম কোর্টের সামনে তারা ‘জয় বাংলা’ স্লোগান দিয়েছে। বিশেষ করে আওয়ামী লীগের নেতৃবৃন্দ যখন হাজিরা দিতে আসেন, তখন তারা তাদের নেতৃবৃন্দকে সামনে রেখে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে ভিডিও ফুটেজ ধারণ করে, তাদের নেত্রীকে খুশি করতে তারা কোর্ট-কাছারিতে এই পরিবেশ তৈরি করেন। তারা সুশৃঙ্খল পরিবেশ নষ্ট করার জন্য পাঁয়তারা করছেন। তাই ‘সাধারণ’ আইনজীবীরা আজকে এর প্রতিবাদ করেছেন।

এই ‘সাধারণ’ আইনজীবী কারা, তারা কি কোনো দলের প্রতিনিধিত্ব করেন? এমন প্রশ্নে উত্তর এড়িয়ে যান জাকির হাসান।

এ বিষয়ে আওয়ামীপন্থী আইনজীবী ওবায়দুল ইসলাম বলেন, আজ আমরা ব্যানারে হামের টিকায় গাফিলতি ও আমেরিকার সঙ্গে মার্কিন বাণিজ্যচুক্তির প্রতিবাদে মানববন্ধন করি। সেখানে ওরা এসে হামলা করেন। তাদের দাবি এখানে নাকি জয় বাংলা স্লোগান দেওয়া হয়েছে। তবে এখানে জয় বাংলা স্লোগান দেওয়া হয়নি। তাছাড়া জয় বাংলা স্লোগান তো নিষিদ্ধ নয়। যে কেউ দিতে পারে। জয় বাংলায় ওদের এত অস্বস্তি কেন?

Visited 12 times, 1 visit(s) today