হাসানুল হক ইনুর মুক্তি দাবি: জাসদের মিছিলে উত্তাল রাজপথ

হাসানুল হক ইনুর মুক্তি দাবি: জাসদের মিছিলে উত্তাল রাজপথ
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ এ জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার বিচারিক কার্যক্রম শেষ হওয়ায় এবং তাকে পুনরায় কারাগারে পাঠানোর প্রতিবাদে রাজধানীতে বিশাল বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ)।

বৃহস্পতিবার ট্রাইব্যুনালের কার্যক্রম শেষে সরকার পক্ষের চিফ প্রসিকিউটরের সমাপনী বক্তব্যের মাধ্যমে মামলার শুনানি সমাপ্ত হয়। ট্রাইব্যুনাল চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখার ঘোষণা দেন।

শুনানি শেষে আদালত চত্বরে সাংবাদিকদের সাথে কথা বলেন বিবাদী পক্ষের আইনজীবী ব্যারিস্টার সিফাত মাহমুদ শুভ। তিনি জানান, তারা আইনগতভাবে সব তথ্য-প্রমাণ উপস্থাপন করেছেন এবং ন্যায়বিচারের আশা প্রকাশ করছেন।

হাসানুল হক ইনুকে ট্রাইব্যুনাল থেকে কারাগারে নিয়ে যাওয়ার পরপরই উপস্থিত নেতাকর্মীরা বিক্ষোভে ফেটে পড়েন। হাইকোর্ট চত্বর থেকে শুরু হওয়া মিছিলটি রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু এভিনিউস্থ জাসদ কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন জাসদের কেন্দ্রীয় নেতৃবৃন্দ। তারা হাসানুল হক ইনুকে ‘জাতীয় বীর’ আখ্যা দিয়ে অবিলম্বে তার নিঃশর্ত মুক্তি দাবি করেন।

জাসদের সহ-সভাপতি শফি উদ্দিন মোল্লা, হাসানুল হক ইনু সারাজীবন গণতন্ত্রের জন্য লড়াই করেছেন। তাকে রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বন্দী করে রাখা হয়েছে। আমরা অবিলম্বে তার মুক্তি চাই।

সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জাসদের যুগ্ম সাধারণ সম্পাদক মীর্জা মো. আনোয়ারুল হক। বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, রাজপথের আন্দোলনের মাধ্যমেই তারা তাদের নেতার মুক্তি নিশ্চিত করবেন।

উল্লেখ্য, আজকের শুনানির পর ট্রাইব্যুনাল যেকোনো দিন এই মামলার রায় ঘোষণা করতে পারেন। পুরো এলাকা জুড়ে আজ নিরাপত্তা ব্যবস্থা ছিল বেশ জোরদার।

Visited 4 times, 1 visit(s) today