নিজস্ব প্রতিবেদক
ঢাকা, ১৯ মে: জুলাই ছাত্র আন্দোলনের অন্যতম মাস্টারমাইন্ড ও অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুসের বিশেষ সহকারী হিসেবে দায়িত্ব পালনকারী মাহফুজ আলম পরবর্তীতে তথ্য উপদেষ্টার দায়িত্ব পেয়েছিলেন। তিনি মঙ্গলবার, ১৯শে মে ফেসবুকে একটি দীর্ঘ পোস্টে অন্তর্বর্তী সরকারের কার্যকলাপের তীব্র সমালোচনা করেছেন।
পোস্টে মাহফুজ আলম অভিযোগ করেন, অন্তর্বর্তী সরকারের কিছু লোকজন ডানপন্থীদের উত্থানের জন্য কাজ শুরু করেছিল। তিনি সমালোচনা করে লিখেছেন, এ সময় দেশে ‘মবস্টারদের’ হিরো বানানো হয় এবং উগ্রবাদীদের ‘সেফ স্পেস’ দেওয়া হয়েছিল।
সেই সাথে তিনি আরও অনেকগুলো ভুল, ব্যর্থতা ও ষড়যন্ত্রের ইঙ্গিত করে বলেন, এই সকল ভুল ও ব্যর্থতাগুলোই আবার বাংলাদেশ আওয়ামী লীগকে ফেরার পথ সুগম করে দেবে।
ইউনুসের ‘কিচেন ক্যাবিনেট’ নিয়ে তিনি আরও কঠোর সমালোচনা করে বলেন, “লীগ সেদিনই ব্যাক করেছিল, যেদিন অন্তর্বর্তী সরকার পলিটিকাল থেকে আমলাতান্ত্রিক হয়ে যায় এবং আমলানির্ভর কিচেন ক্যাবিনেট থেকে সিদ্ধান্ত নেওয়া শুরু হয়। যে কিচেন ক্যাবিনেটের অধিকাংশ লোকই ছিল জামাত-বিএনপি বা লীগের ছুপা দালাল। যাদের কাছে জুলাই মানে ছিল নিজেদের পরিবার, প্রজন্ম আর প্রতিষ্ঠানের স্বার্থরক্ষা।”
জুলাই আন্দোলনের অংশগ্রহণকারীদের উদ্দেশ্যেও তিনি সমালোচনা করেছেন। মাহফুজ আলম লেখেন, “আইনের শাসনের বদলে মবের শাসনে আনন্দ পেয়েছিল গত ১৭ বছরের ‘মজলুমগণ’।”
এই পোস্টটি সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা-সমালোচনার জন্ম দিয়েছে। অন্তর্বর্তী সরকারের একজন সাবেক উচ্চপদস্থ কর্মকর্তার কাছ থেকে এ ধরনের অভ্যন্তরীণ ও তীব্র সমালোচনা উল্লেখযোগ্য বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

