২২ বছরের দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল। প্রিমিয়ার লিগের শিরোপা পুনরুদ্ধার করল আর্সেনাল। মঙ্গলবার রাতে ম্যানচেস্টার সিটি ও বোর্নমাউথের মধ্যকার ম্যাচটি ১-১ গোলে ড্র হওয়ার পর আনুষ্ঠানিকভাবে আর্সেনালের চ্যাম্পিয়ন হওয়া নিশ্চিত হয়ে যায়।
লিগ শিরোপার দৌড়ে টিকে থাকতে সিটির জন্য এই ম্যাচে জয়ের কোনো বিকল্প ছিল না। কিন্তু বোর্নমাউথের বিপক্ষে জয় তুলে নিতে ব্যর্থ হয় পেপ গার্দিওলার শিষ্যরা। অন্যদিকে, এই ড্রয়ের ফলে বোর্নমাউথও নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো ইউরোপিয়ান ফুটবলে খেলার যোগ্যতা অর্জন করল।
টানা তিন মৌসুম পয়েন্ট তালিকার দ্বিতীয় স্থানে থাকার পর, কোচ মিকেল আর্তেতার হাত ধরে অবশেষে শিরোপার মুকুট জিতল গানাররা। এর মাধ্যমে দীর্ঘ ছয় বছরের ট্রফি খরারও ইতি টানল লন্ডনের ক্লাবটি।
সোমবার বার্নলির বিপক্ষে ১-০ গোলের জয় আর্সেনালকে শিরোপার একদম দ্বারপ্রান্তে পৌঁছে দিয়েছিল। ওই জয়ের ফলে সিটির চেয়ে তারা ৫ পয়েন্টে এগিয়ে যায়। গত মাসে সিটির কাছে হারের পর আর্সেনাল যেভাবে ঘুরে দাঁড়িয়েছে, তা ছিল দেখার মতো। ওই হারের পর টানা চারটি ম্যাচ জিতে এবং একটি গোলও হজম না করে নিজেদের আধিপত্যের প্রমাণ দিয়েছে তারা।
এদিকে, সিটির জন্য সময়টা যাচ্ছে বেশ অস্থির। দীর্ঘ এক দশক দায়িত্ব পালনের পর এই মৌসুম শেষেই ক্লাব ছাড়ছেন পেপ গার্দিওলা—এমন গুঞ্জন ঘিরে উত্তাল ফুটবল অঙ্গন। গত শনিবার এফএ কাপ জয়ের ৪৮ ঘণ্টার মধ্যেই গার্দিওলার বিদায়ের খবরে সিটির ড্রেসিংরুমে যে অস্বস্তি তৈরি হয়েছে, তার ছাপ স্পষ্ট মাঠের পারফরম্যান্সেও। রবিবার অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচটিই হতে যাচ্ছে গার্দিওলার কোচ হিসেবে সিটির শেষ ম্যাচ।
ম্যাচের শুরুতে সিটির সমর্থকরা ‘এক বছর আরও, গার্দিওলা’ বলে স্লোগান তুলেছিলেন, যেন তাদের প্রিয় কোচ আরও এক বছর থেকে যান। কিন্তু খেলোয়াড়রা মাঠে নিজেদের সেরাটা দিয়ে কোচকে জয় উপহার দিতে ব্যর্থ হয়েছেন। ৩৯ মিনিটে বোর্নমাউথের তরুণ তুর্কি এলি জুনিয়র ক্রুপির গোলে পিছিয়ে পড়ে সিটি। প্রিমিয়ার লিগে অভিষিক্ত কোনো কিশোর খেলোয়াড় হিসেবে এটি তার ১৩তম গোল।
দ্বিতীয়ার্ধে গোল শোধে মরিয়া সিটি বারবার আক্রমণ চালালেও বোর্নমাউথ গোলরক্ষক জর্জে পেত্রোভিচের দৃঢ়তায় কোনো সুযোগই কাজে লাগাতে পারেনি। ম্যাচের একদম শেষ দিকে আর্লিং হল্যান্ড একটি গোল করলেও তা সিটির শিরোপা স্বপ্ন বাঁচানোর জন্য যথেষ্ট ছিল না।
এই ড্রয়ে লিভারপুল কিছুটা স্বস্তি পেয়েছে। প্রিমিয়ার লিগে শীর্ষ পাঁচ ও চ্যাম্পিয়ন্স লিগে জায়গা পাওয়ার লড়াইয়ে তারা এখন বোর্নমাউথের চেয়ে ৩ পয়েন্ট এগিয়ে থেকে শেষ দিনের অপেক্ষায়।
