রাঙ্গাবালীতে ছেলে ছাত্রলীগ করায় বাবাকে গাছে বেঁধে নির্যাতন বিএনপি সভাপতির

রাঙ্গাবালীতে ছেলে ছাত্রলীগ করায় বাবাকে গাছে বেঁধে নির্যাতন বিএনপি সভাপতির
শেয়ার করুন

বিডি ডাইজেস্ট প্রতিবেদক
পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার চরমোন্তাজ ইউনিয়নে ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে জড়িত থাকার অপরাধে এক ভুক্তভোগী পিতাকে গাছের সঙ্গে বেঁধে মধ্যযুগীয় কায়দায় নির্যাতনের অভিযোগ উঠেছে স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে। এই বর্বরোচিত ঘটনার পর থেকে এলাকায় চরম উত্তেজনা, ক্ষোভ ও সাধারণ মানুষের মাঝে তীব্র আতঙ্ক বিরাজ করছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাজনৈতিক প্রতিহিংসার জেরে চরমোন্তাজ ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল মুন্সীর নেতৃত্বে এবং ৯ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি কামালের প্রত্যক্ষ উপস্থিতিতে ওই ভুক্তভোগী ব্যক্তিকে জোরপূর্বক বাড়ি থেকে ধরে নিয়ে যাওয়া হয়। পরে তাকে একটি গাছের সঙ্গে শক্ত করে বেঁধে দিনভর শারীরিক ও মানসিকভাবে নির্যাতন করা হয় বলে প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা অভিযোগ করেছেন।

এলাকাবাসীর দাবি, ভুক্তভোগীর ছেলে ছাত্রলীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। রাজনৈতিক মতাদর্শ ভিন্ন হওয়ার কারণে এভাবে একজন নিরীহ পিতাকে প্রকাশ্যে শাস্তি দেওয়া এবং নির্যাতন করা কোনো সুস্থ ও সভ্য সমাজের লক্ষণ হতে পারে না। এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে নিন্দার ঝড় ওঠে।

এ বিষয়ে বক্তব্য জানতে অভিযুক্ত ইউনিয়ন বিএনপি সভাপতি নজরুল মুন্সী ও ওয়ার্ড বিএনপি সভাপতি কামালের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোনো বক্তব্য পাওয়া যায়নি। এমনকি ঘটনার পর থেকে তাদের অনেকেই এলাকা ছেড়ে আত্মগোপনে রয়েছেন বলে জানা গেছে।

এদিকে, ঘটনার খবর পেয়ে স্থানীয় প্রশাসনের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। এলাকার সচেতন মহল ও সাধারণ মানুষ রাজনৈতিক প্রতিহিংসামূলক এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত দাবি করেছেন। একই সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করার জন্য প্রশাসনের প্রতি জোর আহ্বান জানিয়েছেন তারা।

Visited 39 times, 1 visit(s) today