❐ বিশেষ প্রতিবেদক
রাজধানীর গুলশানের নিজ বাসভবন থেকে পায়ে হেঁটে ব্যক্তিগত রাজনৈতিক কার্যালয়ে গেলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
আজ ২২শে মে, শুক্রবার বিকালে বাসভবনে আসরের নামাজের পর তিনি নিজ পায়ে হেঁটে হেঁটে গুলশানের দলীয় কার্যালয়ে যান বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন।
গুলশান অ্যাভিনিউয়ের বাসভবন থেকে ৮৬ নম্বর রোডে অবস্থিত গুলশান রাজনৈতিক কার্যালয়ের দূরত্ব প্রায় কয়েক শ গজ। পায়ে হেঁটে এই পথ অতিক্রম করতে ১০ মিনিট লাগে। এসময় তার আশপাশে ও সামনে-পেছনে দলের নেতাকর্মীদের পাশাপাশি নিরাপত্তা বাহিনীর সদস্যদের দৌড়াতে দেখা যায়।
প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমান ছুটির দিনে দলের কার্যালয়ে এসেছেন একটি অনুষ্ঠানে যোগ দিতে। সারাদেশের সিটি কর্পোরেশনের প্রশাসক-মেয়রের একটি অনুষ্ঠান।
জানা গেছে, ঈদুল আযহা উপলক্ষ্যে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতা কর্মীদের ঈদ উপহারের চেক প্রশাসকদের কাছে দিতেই এই অনুষ্ঠান।
এর আগে গত ঈদুল ফিতরের আগে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতার কর্মীদের ৫ হাজার টাকা করে ঈদ উপহার দিয়েছিলেন প্রধানমন্ত্রী। একইভাবে আজ মেয়র-প্রশাসকদের কাছে পরিচ্ছন্নতা কর্মীদের চেক হস্তান্তর করেন তিনি।
