রবিবার এক প্রীতি ম্যাচে পানামাকে ৬-২ গোলে বড় ব্যবধানে হারিয়েছে ব্রাজিল। মারাকানা স্টেডিয়ামে কাল যেন ভিনিসিয়াস জুনিয়রের ঘরের মাঠে ফেরার উৎসব ছিল। নিজে একটা দারুণ গোল করার পাশাপাশি অন্য একটা গোলেও অবদান রেখে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নদের বড় জয় এনে দিয়েছেন তিনি। ২০২৬ বিশ্বকাপ শুরুর ঠিক আগে এই জয়ের মাধ্যমে নিজেদের বেশ ভালোভাবেই ঝালিয়ে নিল ব্রাজিল।
বিশ্বকাপ শুরু হতে যখন দুই সপ্তাহেরও কম সময় বাকি, তখন নেইমারকে ছাড়াই মাঠে নেমেছিল ব্রাজিল। পায়ের পেশির চোটের কারণে আগামী ১৩ জুন মরক্কোর বিপক্ষে ব্রাজিলের প্রথম ম্যাচে তার খেলা নিয়ে সংশয় আছে। অন্যদিকে, শনিবার আর্সেনাল ও পিএসজির মধ্যকার চ্যাম্পিয়ন্স লিগ ফাইনাল খেলার কারণে গ্যাব্রিয়েল মাগালাহায়েস, মার্কিনহোস ও গ্যাব্রিয়েল মার্টিনেল্লিও এই ম্যাচে ছিলেন না।
ফলে সব আলো ছিল স্থানীয় ছেলে ভিনিসিয়াসের ওপর। ফ্ল্যামেঙ্গোর একাডেমি থেকে উঠে আসার সময় এই মাঠেই তিনি বড় হয়েছেন। নিজের চেনা মাঠে জাদু দেখাতে তিনি দুই মিনিটেরও কম সময় নেন।
পানামার খেলোয়াড়রা নিজেদের রক্ষণভাগ থেকে বল নিয়ে বের হওয়ার চেষ্টা করলে কাসেমিরো তা আটকে দেন। এরপর আলগা বলটি পেয়েই বক্সের দিকে ছুটে যান ভিনিসিয়াস। বক্সের ঠিক বাইরে থেকে এক জোরালো শটে বল পাঠিয়ে দেন পোস্টের ওপরের বাঁ কোণে।
ম্যাচের ১৪ মিনিটে অবশ্য কিছুটা অঘটন ঘটেছিল। মাইকেল মুরিলোর একটা ফ্রি-কিক ব্রাজিলের খেলোয়াড় ম্যাথিউস কুনহার গায়ে লেগে দিক বদলে ফেলে। এতে গোলরক্ষক অ্যালিসন উল্টো দিকে চলে যান এবং বল পোস্ট ঘেঁষে ভেতরে ঢুকে পড়লে গ্যালারির দর্শকরা চুপ হয়ে যান।
তবে ৩৯ মিনিটে ভিনিসিয়াস বাঁ দিক থেকে এক চমৎকার দৌড়ে আবারও ম্যাচ ব্রাজিলের নিয়ন্ত্রণে নিয়ে আসেন। দুজন ডিফেন্ডারকে কাটিয়ে তিনি ক্রস বাড়ান কাসেমিরোর দিকে, আর হেডের সাহায্যে বল জালে পাঠান কাসেমিরো।
প্রথমার্ধের বিরতিতে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তি শুরুর একাদশের কেবল ডিফেন্ডার লিও পেরেইরাকে রেখে বাকি প্রায় পুরো দলই বদলে ফেলেন। মাঠে নামা বদলি খেলোয়াড়রাও দ্রুতই গোল উৎসবে যোগ দেন।
দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার সাত মিনিট পর, পানামার গোলরক্ষক অরল্যান্ডো মস্কেরা পা দিয়ে বল ক্লিয়ার করতে গিয়ে ভুল করে বসেন। তার সেই ভুলে বল পেয়ে যান রায়ান এবং ফাঁকা জালে বল ঠেলে দেন তিনি।
৬০ মিনিটে লুকাস পাকেতার একটা বাঁকানো শট মস্কেরাকে ফাঁকি দিয়ে জালে জড়ালে স্কোরলাইন ৪-১ হয়। এর তিন মিনিট পর পানামার গোলরক্ষক বক্সের ভেতর ইগর থিয়াগোকে ফাউল করলে পেনাল্টি পায় ব্রাজিল। স্পট কিক থেকে দলের পঞ্চম গোলটি করেন থিয়াগো।
৮১ মিনিটে বক্সের ভেতর থেকে শট নিয়ে দলের ষষ্ঠ গোলটি করেন দানিলো। এর তিন মিনিট পর কার্লোস হার্ভে একটা জোরালো শটে পানামার পক্ষে এক গোল শোধ করেন, যা পোস্টের ওপরের কোণ দিয়ে জালে জড়ায়।
বিশ্বকাপে নিজেদের গ্রুপ ‘সি’-এর খেলা মরক্কোর বিপক্ষে শুরু করার আগে আগামী সপ্তাহে মিশরের মুখোমুখি হবে ব্রাজিল। অন্যদিকে, ইংল্যান্ড, ক্রোয়েশিয়া ও ঘানার সঙ্গে গ্রুপ ‘এল’-এ থাকা পানামা তাদের বিশ্বকাপ অভিষেকের আগে ডোমিনিকান প্রজাতন্ত্র ও বসনিয়ার বিপক্ষে খেলবে। এরপর ১৬ জুন ঘানার মুখোমুখি হয়ে শুরু হবে তাদের মূল বিশ্বকাপ যাত্রা।
