❐ স্থানীয় সংবাদদাতা
বৈছা আন্দোলনের নেতা থেকে কুমিল্লা-৪ (দেবিদ্বার) আসনের জামায়াত জোটের বর্তমান সংসদ সদস্য এবং এনসিপির দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আবদুল্লাহর নির্বাচনী এলাকায় সোলার লাইট প্রকল্প নিয়ে চরম জালিয়াতি ও হরিলুটের অভিযোগ উঠেছে।
উপজেলার বরকামতা ইউনিয়নের প্রেমু গ্রামে কাগজে-কলমে সোলার লাইট বসানোর তালিকা থাকলেও বাস্তবে কোনো লাইট বসেনি বলে ক্ষোভ প্রকাশ করেন স্থানীয়রা।
প্রেমু গ্রামের সাধারণ মানুষ ক্ষুব্ধ কণ্ঠে জানান, হাসনাতের বিশেষ বরাদ্দের আওতায় গ্রামে সোলার লাইট বসার কথা ছিল। সরকারি নথি ও তালিকায় তাদের গ্রামের নাম স্পষ্টভাবে উল্লেখ রয়েছে। কিন্তু বাস্তবে পুরো গ্রাম ঘুরে হাসনাতের বরাদ্দের একটি সোলার লাইটেরও দেখা মেলেনি।
তালিকায় নাম থাকা সত্ত্বেও বাস্তবে লাইট না বসায় ক্ষুব্ধ জনতা প্রশ্ন তুলছেন— যিনি দেশের দুর্নীতি ও বৈষম্যের বিরুদ্ধে রাজপথে লড়াই করে আজ বড় রাজনৈতিক সংগঠক হয়েছেন, তার আমলেও বরাদ্দকৃত বাজেট এভাবে গায়েব হয়ে যায় কীভাবে?
রাজনীতি নিয়ে ‘বড় বড় কথা বলা’, ‘সততার কথা বলা’ নেতার নিজ এলাকাতেই এমন হরিলুট কেন- তীব্র ক্ষোভ প্রকাশ করছেন সাধারণ মানুষ।
আওয়ামী লীগের আমলের লাইট দেখিয়েই কি প্রকল্প ‘পাস’
গ্রামের বাসিন্দারা আরও একটি চাঞ্চল্যকর তথ্য ফাঁস করে জানিয়েছেন, বর্তমানে প্রেমু গ্রামের একটি দোকানের সামনে যে সোলার লাইটটি জ্বলতে দেখা যায়, সেটি বর্তমান সাংসদ হাসনাত আবদুল্লাহর বাজেটের নয়। সেটি আওয়ামী লীগ সরকারের আমলে স্থানীয় নেতা রাজীব মুন্সীর বাজেটে দেওয়া হয়েছিল।
স্থানীয়দের অভিযোগ, আওয়ামী লীগ সরকারের আমলে বসানো সোলার লাইট দেখিয়েই বর্তমান জামায়াত জোটের ও এনসিপি নেতার সোলার লাইট প্রকল্প বাস্তবায়ন দেখানো হচ্ছে এবং বরাদ্দ আত্মসাতের অপচেষ্টা চলছে।
যিনি দেশের রাজনীতিতে স্বচ্ছতার কথা বলে আন্দোলন করেছিলেন এবং একটি রাজনৈতিক দলের শীর্ষ নেতা, তার নিজ আসনে এমন জালিয়াতি ও উন্নয়ন কাজের এই বেহাল দশা দেখে দেবিদ্বারের প্রেমু গ্রামের সাধারণ মানুষ চরম হতাশ।

