আন্তর্জাতিক ডেস্ক
বার্লিন, ৯ জুন ২০২৬
গাজায় ইসরায়েলি গণহত্যার প্রতিবাদে জার্মানির একাধিক বিশ্ববিদ্যালয়ে ফিলিস্তিনের পক্ষে শিক্ষার্থীদের আন্দোলন নতুন মাত্রা পেয়েছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদ একের পর এক প্রস্তাব পাস করে ইসরায়েলি শিক্ষা প্রতিষ্ঠানের সাথে সব ধরনের একাডেমিক সহযোগিতা বন্ধের দাবি জানাচ্ছে। উল্লেখযোগ্য বিষয় হলো, যে জার্মানি আন্তর্জাতিক বয়কট আন্দোলন বিডিএসকে চরমপন্থী বলে বিবেচনা করে, সেই দেশেই এই আন্দোলন দিন দিন জোরালো হচ্ছে।
লাইপজিগে ঐতিহাসিক ভোট
গত মাসে লাইপজিগ বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭০০ শিক্ষার্থী ক্যাম্পাসে জমায়েত হয়ে ভোটে অংশ নেন। হলুদ কার্ড উঁচিয়ে প্রায় সর্বসম্মতিক্রমে তারা ইসরায়েলি বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সব সহযোগিতা বন্ধের দাবি জানান।
স্টুডেন্টস ফর প্যালেস্টাইনের সংগঠক ২২ বছর বয়সী অরল্যান্ডো বেকার বলেন, লাইপজিগের পাঁচটি ইসরায়েলি অংশীদার বিশ্ববিদ্যালয় ইসরায়েলের সামরিক কার্যক্রমের অংশ। এসব প্রতিষ্ঠানে অস্ত্র ও নজরদারি প্রযুক্তি তৈরি হয় এবং সেনাবাহিনীতে নিয়োগও দেওয়া হয়। তার মতে, এই প্রতিষ্ঠানগুলোর সাথে সহযোগিতা অব্যাহত রাখা তাদের কার্যত বৈধতা দেওয়ার সমান।
তবে সমাবেশের ঠিক আগের দিন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ লেকচার হল ব্যবহারের অনুমতি বাতিল করে দেয়। কর্তৃপক্ষ জানায়, শিক্ষার্থীরা “পক্ষপাতমূলক বক্তব্য” দিতে এবং “একাডেমিক স্বাধীনতা সীমিত করতে” চাইছে বলে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বার্লিন থেকে ডুসেলডর্ফ — ছড়িয়ে পড়ছে আন্দোলন
চলতি বছরের মার্চ মাসে বার্লিনের হার্টি স্কুলের ছাত্র পরিষদ ৯০ শতাংশেরও বেশি ভোটে বিডিএস-সমর্থক একটি প্রস্তাব পাস করে। এটি ছিল জার্মানির কোনো বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরিষদের এ ধরনের প্রথম সিদ্ধান্ত। এরপর থেকে বার্লিন ও ডুসেলডর্ফের আরও কয়েকটি বিশ্ববিদ্যালয়েও একই দাবিতে প্রস্তাব উঠেছে।
তবে হার্টি স্কুল কর্তৃপক্ষ এই প্রস্তাবকে সরাসরি “অগ্রহণযোগ্য” বলে প্রত্যাখ্যান করে। শুধু তাই নয়, শিক্ষার্থীদের ভয় দেখিয়ে বলা হয়, বিডিএস আন্দোলনের সাথে সম্পর্কের কারণে তাদের চাকরির সুযোগ নষ্ট হতে পারে, বিদেশি শিক্ষার্থীদের ভিসা ঝুঁকিতে পড়তে পারে এবং বিশ্ববিদ্যালয়ের অর্থায়ন বন্ধ হয়ে যেতে পারে।
ইউক্রেন ও গাজায় ভিন্ন মাপকাঠি
টেকনিক্যাল ইউনিভার্সিটি বার্লিনের গবেষক উফা ইয়েনসেন জার্মানির দ্বিমুখী নীতির তীব্র সমালোচনা করেছেন। তিনি বলেন, ইউক্রেনে রাশিয়ার আক্রমণের পর জার্মান শিক্ষা মন্ত্রণালয় তাৎক্ষণিকভাবে রুশ বিশ্ববিদ্যালয়গুলোর সাথে সব সহযোগিতা বন্ধের নির্দেশ দিয়েছিল এবং বিশ্ববিদ্যালয়গুলো তা মেনেও নিয়েছিল। কিন্তু মধ্যপ্রাচ্যে দুই বছরেরও বেশি সময় ধরে চলা সংঘাতের পরেও ইসরায়েলের ক্ষেত্রে অবস্থান সম্পূর্ণ উল্টো — এই বৈষম্য অত্যন্ত দৃষ্টিকটু।
উল্লেখ্য, জার্মানির সংসদ বিডিএস আন্দোলনকে ইহুদিবিদ্বেষী বলে ঘোষণা করেছে, যদিও এটি আইনত নিষিদ্ধ নয়। ইসরায়েলকে সমর্থন দেশটির রাষ্ট্রীয় নীতির অংশ হিসেবে বিবেচিত হয়, যার শিকড় দ্বিতীয় বিশ্বযুদ্ধকালীন হলোকাস্টের ইতিহাসে প্রোথিত।
তবে হলোকাস্ট থেকে বেঁচে যাওয়া পরিবারের এক ইহুদি বংশধর শিক্ষার্থী — নাম প্রকাশ না করার শর্তে — বলেন, নিপীড়নের বিরুদ্ধে সোচ্চার হওয়া তার কাছে নৈতিক দায়িত্ব। তার মতে, রাষ্ট্রীয় ক্ষমতার যুক্তিসঙ্গত সমালোচনাকে ইহুদিবিদ্বেষ বলে চিহ্নিত করা হলে এই শব্দটির মূল গুরুত্বই ক্ষুণ্ণ হয়।
লাইপজিগের আন্দোলনকারী বেকার বলেন, “এটি জার্মানির জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত। তবে পুরো ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে।”
