ভারতের সাথে সম্পৃক্ত হওয়ার বাসনা জানালেন দিল্লি থেকে ইউটার্ন দেওয়া ডা. জাহেদ

ভারতের সাথে সম্পৃক্ত হওয়ার বাসনা জানালেন দিল্লি থেকে ইউটার্ন দেওয়া ডা. জাহেদ
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


প্রধানমন্ত্রীর পলিসি ও স্ট্র্যাটেজি বিষয়ক উপদেষ্টা (সাবেক ইউটিউবার) ডা. জাহেদ উর রহমান বলেছেন, ভারত আমন্ত্রণ জানালে তিনি অবশ্যই সেখানে যাবেন এবং যুক্তিসঙ্গতভাবে দ্বিপক্ষীয় সম্পর্ক এগিয়ে নিতে চান।

আজ ১৬ই জুন, মঙ্গলবার সরকারের কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ডা. জাহেদ স্পষ্ট ভাষায় বলেন, “আমি এই কথাটা খুব স্পষ্ট করে দিচ্ছি— আমি যদি প্রোপার ইনভিটেশন পাই, আমি নিশ্চয়ই যাবো। আমি ভারতের সঙ্গে এনগেজ করতে চাই, লজিক্যালি অ্যান্ড রেশনালি। কথাটা খুব ইম্পর্টেন্ট।”

ভারতের সঙ্গে সম্পৃক্ততার প্রশ্নে কিছু মহলের সমালোচনার জবাবে তিনি বলেন, “ভারতের সঙ্গে সম্পৃক্ত করার কথা বললে কারও কারও কাছে মনে হয় যে আমি দেশ বিকিয়ে দিতে যাচ্ছি। বাংলাদেশ বিকিয়ে দিয়ে ভারতের সঙ্গে সম্পর্ক এই সরকার কখনও করবে না। সবার আগে বাংলাদেশ বলছি আমরা।”

তিনি জানান, সমমর্যাদার ভিত্তিতে ভারতের সঙ্গে ব্যবসা-বাণিজ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সম্পর্ক উন্নয়নের সুযোগ রয়েছে।

অন্তর্বর্তী সরকারের সময়কালে দুই দেশের সম্পর্কের অবনতির কথা স্বীকার করে উপদেষ্টা বলেন, “আমরা যে জায়গায় ছিলাম সেখান থেকে তো আমরা নেমেও এসেছি। ইন্টেরিমের সময় সম্পর্কটা যথেষ্ট খারাপ পর্যায়ে গেছে। সেগুলো সরিয়ে রেখে আমরা এনগেজ করতে চাই। ব্যবসা-বাণিজ্য করতে চাই। আমাদের এক্সচেঞ্জ নানান ফর্মে হতে পারে।”

পানি বণ্টন ইস্যুকে বিশেষ গুরুত্ব দিয়ে ডা. জাহেদ বলেন, “গঙ্গা পানি চুক্তির মেয়াদ শেষ হচ্ছে এই বছরের ডিসেম্বরে। আমাদের সেই পানি চুক্তি রিনিউয়াল নিয়ে কথা আছে। আমাদের তিস্তা চুক্তি নিয়ে কথা আছে। আমাদের পানি আমাদের অভিন্ন আরও টোটাল ৫৩টা নদী আছে। আমাদের রাইট আছে।”

তিনি জানান, এই বিষয়গুলোতে কোনো ভূমিকা রাখার সুযোগ পেলে তিনি তা গ্রহণ করবেন।

সম্প্রতি সাধারণ পাসপোর্ট নিয়ে ভারত সফরে গিয়ে বিমানবন্দরে কূটনৈতিক প্রটোকল না পেয়ে সাবেক এই ইউটিউবারের সাথে অপ্রীতিকর ঘটনা ঘটে। সেই প্রসঙ্গও উঠে আসে বক্তব্যে।

ভারতের পক্ষ থেকে তার প্রতি অতীতে করা আচরণ প্রসঙ্গে উপদেষ্টা বলেন, “আমার সঙ্গে যে আচরণ হয়েছে সেই আচরণের জন্য আমি যা করেছি এটা ওই আচরণের একটা তাৎক্ষণিক প্রতিক্রিয়া।”

তবে তিনি বিষয়টিকে ব্যক্তিগতভাবে না নিয়ে রাষ্ট্রীয় দৃষ্টিকোণ থেকে বিবেচনা করেছেন বলে জানান।

তার ভাষায়, “আবারও বলছি ব্যক্তি জাহেদ ওখানে কিছু করে নাই। আসলে আমি বিষয়টি ব্যক্তিগতভাবে নেইনি। বিষয়টি দেখেছি যে, একটা রাষ্ট্রের একটা সরকারের একটা পজিশনের একজন মানুষের সঙ্গে এই আচরণ হচ্ছে, সেই কারণে আসলে ওটা করেছি।”

অন্তর্বর্তী সরকারের সময় ভারতীয় পক্ষের দেওয়া প্রতিশ্রুতির কথা স্মরণ করিয়ে দিয়ে ডা. জাহেদ বলেন, ইন্টেরিম সরকারের আমলে ভারত একাধিকবার বলেছে যে জনগণের ম্যান্ডেটপ্রাপ্ত গণতান্ত্রিক সরকারের সঙ্গে তারা সম্পর্ক গড়তে চায়।

সেই প্রতিশ্রুতি অনুযায়ী ভারত এগিয়ে আসবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন এবং আমন্ত্রণ পেলে ভারতে যাওয়ার সিদ্ধান্তের কথা পুনরায় নিশ্চিত করেন।

Visited 9 times, 1 visit(s) today