মেসি ম্যাজিকে ঘড়িতে তখন সতেরো মিনিট। মাঝমাঠ থেকে বল পায়ে যখন তিনি এগোতে শুরু করলেন, ক্যানসাস সিটি স্টেডিয়ামের গ্যালারিতে চেনা সেই গর্জন। আলজেরিয়ার ডিফেন্ডারদের বোকা বানিয়ে বাঁ পায়ের ট্রেডমার্ক শটে যখন বল জাল ছুঁল, তখন যেন আরও একবার প্রমাণিত হলো—সময় বদলালেও লিওনেল মেসি বদলাননি। ২০২৬ বিশ্বকাপে নিজেদের শিরোপা ধরে রাখার অভিযানে আলজেরিয়াকে ৩-০ গোলে উড়িয়ে দিয়েছে আর্জেন্টিনা, আর পুরো ম্যাচের গল্পটা একাই লিখলেন অধিনায়ক মেসি।
বিশ্বকাপে এর আগে অনেক কীর্তি গড়েছেন, কিন্তু হ্যাটট্রিকের দেখা পাননি কোনোদিন। ৩৯ বছর বয়সে এসে ক্যারিয়ারের সেই অপূর্ণতাটাও ঘুচিয়ে নিলেন এলএমটেন। প্রথমার্ধে এক গোলে এগিয়ে থাকার পর দ্বিতীয়ার্ধেও আর্জেন্টিনাকে একাই টেনেছেন তিনি। ম্যাচের ষাট মিনিটে আলেক্সিস মাক আলিস্তারের এক দূরপাল্লার জোরালো শট আলজেরিয়ার গোলরক্ষক লুকা জিদান ঠিকঠাক নিয়ন্ত্রণে নিতে পারেননি। বাজপাখির মতো ছিটকে এসে ফিরতি বলে আলতো ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন মেসি।
তবে রূপকথার আসল মুহূর্তটি আসে ম্যাচের ৭৬ মিনিটে। নিকো গঞ্জালেসের পাস থেকে যখন নিখুঁত ফিনিশিংয়ে নিজের তৃতীয় গোলটি করলেন, স্টেডিয়ামের গ্যালারি তখন উন্মাতাল। এই হ্যাটট্রিকের সঙ্গেই আরেকটি মহাকাব্যিক রেকর্ড স্পর্শ করলেন আর্জেন্টাইন জাদুকর। বিশ্বকাপে এটি তার ১৬তম গোল, যা তাকে বসিয়ে দিল মিরোস্লাভ ক্লোজার পাশে বিশ্বকাপের সর্বোচ্চ গোলদাতার সিংহাসনে।
ইতিহাস গড়া এই পারফরম্যান্সের পর ৭৯ মিনিটে যখন কোচ লিওনেল স্কালোনি তাকে তুলে নেওয়ার সিদ্ধান্ত নেন, তখন গ্যালারির হাজারো দর্শক দাঁড়িয়ে অভিবাদন জানান এই কিংবদন্তিকে। মেসির বদলি হিসেবে মাঠে আসেন তরুণ নিকো পাজ।
পুরো ম্যাচে লাউতারো মার্তিনেস কিংবা থিয়াগো আলমাদারা চেষ্টা করলেও আলজেরিয়ার রক্ষণভাগের মূল মাথাব্যথার কারণ ছিলেন মেসিই। রদ্রিগো দে পল ও মাক আলিস্তারেরা মাঝমাঠ আগলে রেখে বলের জোগান দিয়েছেন অধিনায়ককে। শেষদিকে আলজেরিয়া কিছুটা আক্রমণাত্মক হওয়ার চেষ্টা করলেও এমিলিয়ানো মার্তিনেস ও লিসান্দ্রো মার্তিনেসদের রক্ষণভাগ ভাঙা সম্ভব হয়নি তাদের পক্ষে। শেষ পর্যন্ত মেসির জাদুকরী হ্যাটট্রিকে ৩-০ ব্যবধানের জয়ে পূর্ণ তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে আলবিসেলেস্তেরা।
