গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে

গ্যাস সংকটে বিপর্যস্ত জামালপুর অর্থনৈতিক অঞ্চল: ২০ কোটি ডলারের বিনিয়োগ ঝুঁকিতে
শেয়ার করুন

❐ নিজস্ব সংবাদদাতা


গ্যাস সংকটের কারণে ময়মনসিংহ বিভাগের প্রথম সরকারি জামালপুর অর্থনৈতিক অঞ্চলেও শিল্প উৎপাদন পিছিয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

এখানে পোশাক, কৃষিভিত্তিক শিল্প, চিকিৎসা সরঞ্জাম ও ভোগ্যপণ্য উৎপাদনের পরিকল্পনা রয়েছে। তবে প্রয়োজনীয় অবকাঠামো প্রস্তুত থাকার পরও গ্যাস সংযোগের অভাবে বিনিয়োগকারীদের মধ্যে হতাশা বাড়ছে এবং শিল্পায়নের সম্ভাবনা বাস্তবায়ন অনিশ্চিত হয়ে পড়েছে।

বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা) জানিয়েছে, প্রায় ৪০০ একর জমির ওপর গড়ে ওঠা এ অর্থনৈতিক অঞ্চলে ১৯টি শিল্পপ্রতিষ্ঠান জমি বরাদ্দ পেয়েছে।

প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ প্রায় ২০০ মিলিয়ন মার্কিন ডলার। কিন্তু এখন পর্যন্ত গ্যাস সংযোগ পেয়েছে মাত্র একটি প্রতিষ্ঠান। ২০২২ সালেই শিল্প প্লট পর্যন্ত গ্যাস পাইপলাইনের অবকাঠামো নির্মাণ শেষ হলেও সংযোগ না থাকায় অধিকাংশ প্রতিষ্ঠান উৎপাদন শুরু করতে পারেনি।

গ্যাস সংযোগ না পাওয়ায় কিছু প্রতিষ্ঠান বিকল্প হিসেবে ব্যয়বহুল এলপিজি ব্যবহার করে উৎপাদনের প্রস্তুতি নিচ্ছে।

সুইফট শিল্ড বাংলাদেশ লিমিটেড প্রায় ১.১৭ মিলিয়ন ডলার বিনিয়োগে ল্যাটেক্স এক্সামিনেশন গ্লাভস কারখানা স্থাপন করেছে।

প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ শরীফ খান জানিয়েছেন, প্লট বরাদ্দ পাওয়ার এক বছরের বেশি সময় এবং গ্যাস সংযোগের জন্য আবেদন করার আট মাস পার হলেও এখনো সংযোগ মেলেনি।

তিনি বলেন, কারখানার অবকাঠামোগত কাজ প্রায় শেষ পর্যায়ে রয়েছে এবং গ্যাস সংযোগ পেলেই উৎপাদন শুরু করা সম্ভব হবে। আপাতত এলপিজি ব্যবহার করে পরীক্ষামূলক প্রস্তুতি নেওয়া হচ্ছে, তবে এতে উৎপাদন ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাচ্ছে।

Visited 5 times, 1 visit(s) today