যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

যশোরে ৫ আগস্টের পর এলাকায় ত্রাসের রাজত্ব কায়েমকারী যুবদল নেতাকে কুপিয়ে হত্যা
শেয়ার করুন

❐ জেলা প্রতিনিধি


যশোরের বাঘারপাড়ার বন্দবিলা ইউনিয়ন যুবদলের যুগ্ম সম্পাদক রুবেল হোসেনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা।

আজ ১৩ই জুলাই, সোমবার দুপুরে খাজুরা পেট্রোল পাম্প এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত রুবেল হোসেন বাঘারপাড়া উপজেলার তেলিধান্যপোড়া গ্রামের মৃত মুনতাজ ঢালীর ছেলে।

স্থানীয়রা জানান, নিহত রুবেল ২০২৪-এর ৫ই আগস্টের পর থেকে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করেন। আওয়ামী লীগ ও এর অঙ্গ-সহযোগী, ভ্রাতৃপ্রতিম সংগঠনের নেতাকর্মীদের বাড়িঘরে হামলা-ভাঙচুর, ব্যবসা প্রতিষ্ঠানে লুটপাট, চাঁদাবাজি ছাড়াও তাদের ওপর মব সন্ত্রাসৃ চালিয়ে, ভুয়া মামলা দিয়ে ব্যাপক হয়রানিতে যুক্ত ছিলেন।

তার চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের কারণে এলাকায় সাধারণ মানুষ পর্যন্ত বিপর্যস্ত ছিলেন বলে জানান তারা। রুবেলের মৃত্যুতে স্বস্তির নিঃশ্বাস ফেলে ‘আলহামদুলিল্লাহ’ বলছেন বলে জানান সাধারণ মানুষ।

বাঘারপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ জালাল আলম স্থানীয়দের বরাতে জানান, যুবদল নেতা রুবেল হোসেন পেট্রোল পাম্পের সামনে চায়ের দোকানে আড্ডা দিচ্ছিলেন। এ সময় মোটরসাইকেলে করে দুই যুবক ঘটনাস্থলে এসে সেখানে থাকা আরও এক যুবকসহ তিনজন মিলে রুবেল হোসেনকে উপর্যুপরি কুপিয়ে ফেলে রেখে পালিয়ে যায়। এতে গুরুতর জখম হন তিনি।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে যশোর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ওসি আরও জানান, ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ যশোর সদর হাসপাতাল মর্গে রাখা হয়েছে। হত্যাকাণ্ডের প্রকৃত কারণ উদঘাটন ও দোষীদের গ্রেপ্তারে এরই মধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

Visited 15 times, 1 visit(s) today