যশোর প্রতিনিধি
যশোরের কেশবপুরে সরকারি উদ্যোগে মসজিদের ইমাম, মুয়াজ্জিন ও খাদেমদের মাসিক সম্মানী ভাতার তালিকা তৈরিতে অনিয়ম ও স্বজনপ্রীতির অভিযোগ উঠেছে। উপজেলার পাঁজিয়া ইউনিয়নের গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম ও খাদেমের নাম বাদ দিয়ে স্থানীয় জামায়াতে ইসলামীর দুই নেতার নাম তালিকাভুক্ত করার অভিযোগে স্থানীয় বাসিন্দারা স্থানীয় সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন।
জানা গেছে, ধর্ম মন্ত্রণালয় থেকে প্রতি মাসে ইমামদের পাঁচ হাজার, মুয়াজ্জিনদের তিন হাজার ও খাদেমদের দুই হাজার টাকা করে সম্মানী দেওয়ার সিদ্ধান্তের আওতায় কেশবপুরে প্রথম পর্যায়ে প্রতি ইউনিয়ন থেকে ১৫টি মসজিদের তালিকা নেওয়া হচ্ছে। এর মধ্যে ইউনিয়নপ্রতি ৮টি মসজিদের তালিকা ক্ষমতাসীন বিএনপি নেতাদের মাধ্যমে এবং ৭টি মসজিদের তালিকা স্থানীয় সংসদ সদস্যের পক্ষ থেকে পাঠানোর সিদ্ধান্ত হয়। সংসদ সদস্যের অংশের অধীন ৭৭টি মসজিদের তালিকা তৈরির দায়িত্ব দেওয়া হয়েছিল সংশ্লিষ্ট ইউনিয়ন নেতৃত্বকে।
অভিযোগে বলা হয়েছে, গড়ভাঙ্গা বায়তুন নুর জামে মসজিদের প্রকৃত ইমাম মাওলানা আব্দুল রহমান ও খাদেম আব্দুল রাজ্জাকের নাম বাদ দিয়ে মসজিদ কমিটির ক্যাশিয়ার ও স্থানীয় জামায়াত নেতা তবিবুর রহমানকে ‘ইমাম’ এবং গড়ভাঙ্গা ওয়ার্ড জামায়াতের সভাপতি আব্দুল মুতালেব মোল্লাকে ‘খাদেম’ হিসেবে দেখিয়ে তালিকা তৈরি করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়া হয়েছে।
বিষয়টি জানার পর স্থানীয়রা সংসদ সদস্যের কাছে লিখিত অভিযোগ জানান। অভিযোগ পাওয়ার পর সংসদ সদস্য ঘটনাটি নিরপেক্ষভাবে তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার জন্য পাঁজিয়া ইউনিয়ন জামায়াতের সভাপতি মাসুদ কামালকে নির্দেশ দেন।
স্থানীয়দের দাবি, দীর্ঘদিন ধরে দায়িত্ব পালনকারী প্রকৃত ইমাম-খাদেমকে বাদ দিয়ে রাজনৈতিক পরিচয়ের ভিত্তিতে নাম অন্তর্ভুক্ত করার এই ঘটনা মসজিদ কেন্দ্রিক সরকারি সহায়তা বণ্টন প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলেছে। তদন্ত শেষে প্রকৃত তথ্য অনুযায়ী তালিকা সংশোধনের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।
**উল্লেখ্য:** এ বিষয়ে অভিযুক্ত তবিবুর রহমান ও আব্দুল মুতালেব মোল্লার বক্তব্য পাওয়া যায়নি এবং বিষয়টি এখনও তদন্তাধীন।
Visited 11 times, 1 visit(s) today
