সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) আগামী অক্টোবর ও নভেম্বরে পূর্ণাঙ্গ সিরিজ আয়োজনের বিষটি নিশ্চিত করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। এই সফরে বাংলাদেশের সঙ্গে একটি একক টেস্ট ও একটি ওডিআই ত্রিদেশীয় সিরিজ খেলবে আফগানিস্তান। সিরিজের তৃতীয় দলটি জিম্বাবুয়ে। ত্রিদেশীয় সিরিজের পর জিম্বাবুয়ের সঙ্গে তিন ম্যাচের টি-টোয়েন্টি ও দুই ম্যাচের টেস্ট সিরিজেও মুখোমুখি হবে আফগানরা।
মূলত সেপ্টেম্বরে ভারতের বিরুদ্ধে তিনটি ওডিআই ও তিনটি টি-টোয়েন্টির ঘরের মাঠের সিরিজ স্থগিত হওয়ায় প্রায় এক মাস ধরে আন্তর্জাতিক ক্রিকেটের বাইরে রয়েছে বাংলাদেশ দল। চলতি মাসের শেষের দিকে এশিয়ান গেমসের মাধ্যমে আবার মাঠে ফিরবে টাইগাররা। এরপরই ইউএই-র উদ্দেশে দেশ ছাড়বে দল।
আগামী ৯ থেকে ১৩ অক্টোবর আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচটি দিয়েই ইউএই অভিযান শুরু করবে বাংলাদেশ।
টেস্ট ম্যাচ শেষেই শুরু হবে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ওয়ানডে ত্রিদেশীয় সিরিজ। ১৭ অক্টোবর উদ্বোধনী ম্যাচে জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ। এরপর ১৯ অক্টোবর আফগানিস্তান ও জিম্বাবুয়ে এবং ২১ অক্টোবর বাংলাদেশ ও আফগানিস্তান একে অপরের মুখোমুখি হবে। পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল ২৩ অক্টোবর ফাইনালে লড়বে।
ওয়ানডে সিরিজ শেষে জিম্বাবুয়ের বিরুদ্ধে টি-টোয়েন্টি ও টেস্ট সিরিজ খেলবে আফগানিস্তান। ২৭ ও ২৯ অক্টোবর এবং ১ নভেম্বর অনুষ্ঠিত হবে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ। এরপর ৫-৯ নভেম্বর প্রথম টেস্ট এবং ১৩-১৭ নভেম্বর দ্বিতীয় টেস্ট ম্যাচ অনুষ্ঠিত হবে।
আরব আমিরাতের অচেনা কন্ডিশনে টেস্ট খেলার অভিজ্ঞতা অর্জনের পাশাপাশি সীমিত ওভারের ক্রিকেটের প্রস্তুতি হিসেবেও সফরটিকে গুরুত্বপূর্ণ মনে করছে বাংলাদেশ।
বিসিবি প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী আফগানিস্তানের বিরুদ্ধে টেস্ট ম্যাচটিকে বাংলাদেশ দলের জন্য বিশেষ তাৎপর্যপূর্ণ বলে উল্লেখ করেন। তিনি বলেন, ‘টেস্ট ম্যাচ ও ত্রিদেশীয় সিরিজটি বাংলাদেশ ও আফগানিস্তান—উভয় দেশের সমর্থকদের জন্যই এক রোমাঞ্চকর ক্রিকেট উপহার দেবে। আমরা টেস্ট ক্রিকেটকে অত্যন্ত গুরুত্ব দিই। এটি আমাদের ক্রিকেটারদের জন্য প্রথমবারের মতো ইউএই-র মাটিতে লাল বলের ক্রিকেট খেলার এবং আফগানিস্তানের মতো শক্তিশালী প্রতিপক্ষের সঙ্গে নিজেদের পরখ করে নেওয়ার চমৎকার একটি সুযোগ হবে।’
তিনি আরও যোগ করেন, সফরটি আয়োজন করার জন্য আফগানিস্তান ক্রিকেট বোর্ডকে ধন্যবাদ। ত্রিদেশীয় ওয়ানডে সিরিজটি অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হবে বলে আশা প্রকাশ করেন তিনি।
এসিবি প্রধান নির্বাহী নাসিব খান বলেন, ‘বিভিন্ন ফরম্যাটে বাংলাদেশ ও জিম্বাবুয়ের বিরুদ্ধে খেলা আমাদের ক্রিকেটারদের মূল্যবান প্রতিযোগিতামূলক অভিজ্ঞতা দেবে এবং সমর্থকদের রোমাঞ্চকর ক্রিকেট উপভোগের সুযোগ করে দেবে।’
জিম্বাবুয়ে ক্রিকেটের ব্যবস্থাপনা পরিচালক গিভমোর মাকোনিও এই সফরকে তাঁদের দলের জন্য বিশেষত বড় ফরম্যাটে দারুণ সুযোগ বলে বর্ণনা করেছেন।
সময়সূচি:
| তারিখ | ম্যাচ | ফরম্যাট |
| ৯–১৩ অক্টোবর | আফগানিস্তান বনাম বাংলাদেশ | একমাত্র টেস্ট |
| ১৭ অক্টোবর | বাংলাদেশ বনাম জিম্বাবুয়ে | ত্রিদেশীয় ওডিআই (১ম ম্যাচ) |
| ১৯ অক্টোবর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ত্রিদেশীয় ওডিআই (২য় ম্যাচ) |
| ২১ অক্টোবর | আফগানিস্তান বনাম বাংলাদেশ | ত্রিদেশীয় ওডিআই (৩য় ম্যাচ) |
| ২৩ অক্টোবর | ফাইনাল | ত্রিদেশীয় ওডিআই |
| ২৭ অক্টোবর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ১ম টি-টোয়েন্টি |
| ২৯ অক্টোবর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ২য় টি-টোয়েন্টি |
| ১ নভেম্বর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ৩য় টি-টোয়েন্টি |
| ৫–৯ নভেম্বর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ১ম টেস্ট |
| ১৩–১৭ নভেম্বর | আফগানিস্তান বনাম জিম্বাবুয়ে | ২য় টেস্ট |
