আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের

আফগানিস্তানের বিপক্ষে টেস্ট দলে ফিরলেন হৃদয় ও জাকের
শেয়ার করুন

সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে এক ম্যাচের টেস্ট সিরিজের জন্য তাওহীদ হৃদয় ও জাকের আলী অনিককে দলে ফিরিয়েছে বাংলাদেশ। অন্যদিকে, পেসার তাসকিন আহমেদকে দেয়া হয়েছে বিশ্রাম।

শনিবার নাজমুল হোসেন শান্তর নেতৃত্বে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দক্ষিণ আফ্রিকায় বাংলাদেশ ‘এ’ দলের হয়ে রেকর্ড সাড়ে ৩০০-র বেশি রান করার পর টেস্ট দলে ফিরলেন হৃদয়। এই ডানহাতি ব্যাটারের গত জুনে জিম্বাবুয়ে বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল, তবে পরবর্তী অস্ট্রেলিয়া সফরের দল থেকে তিনি বাদ পড়েন।

জাকের, যিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে টেস্ট অভিষেকের পর অস্ট্রেলিয়া সফরও করেছিলেন, অমিত হাসানের স্থানে দলে ফিরেছেন। প্রধান নির্বাচক হাবিবুল বাশার সুমন জানান, ‘এ’ দলের হয়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদেই আবার সুযোগ পেলেন জাকের।

এদিকে, চোট থেকে পুরোপুরি সেরে না ওঠায় নাহিদ রানাকে দলে রাখা হয়নি। বাশার ইঙ্গিত দিয়েছেন যে, ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে ঘরের মাঠের টেস্ট সিরিজের জন্য এই ফাস্ট বোলারকে প্রস্তুত করার লক্ষ্য রাখা হয়েছে।

আফগানিস্তান টেস্টে পেস আক্রমণে থাকছেন হাসান মাহমুদ, খালেদ আহমেদ, এবাদত হোসেন ও শরিফুল ইসলাম। বিশ্রামের কারণে এই তালিকা থেকে বাদ পড়েছেন তাসকিন।

স্পিন বিভাগে মূল ভরসা হিসেবে যথারীতি থাকছেন মেহেদী হাসান মিরাজ ও তাইজুল ইসলাম।
এ ছাড়া অফ-স্পিনার নাঈম হাসান এবং দুই তরুণ পেসার মুশফিক হাসান ও ইকবাল হোসেন ইমন ট্রাভেলিং রিজার্ভ হিসেবে দলের সঙ্গে সফরে যাবেন।
আগামী ৯ অক্টোবর সংযুক্ত আরব আমিরাতে আফগানিস্তানের বিরুদ্ধে একমাত্র টেস্ট ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ।

নাজমুল হোসেন শান্ত (অধিনায়ক), তানজিদ হাসান, সাদমান ইসলাম, সৌম্য সরকার, মুমিনুল হক সৌরভ, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, তাওহিদ হৃদয়, জাকের আলী অনিক, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ, সৈয়দ খালেদ আহমেদ, ইবাদত হোসেন চৌধুরী, শরিফুল ইসলাম।
ট্রাভেলিং রিজার্ভ: নাঈম হাসান, মুসফিক হাসান ও ইকবাল হোসেন ইমন।

Visited 7 times, 1 visit(s) today