পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া

পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে শুরু নারীবান্ধব ‘গোলাপি’ বাস সার্ভিসঃ এক মাসেও মেলেনি নারীদের সাড়া
শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক 


চালুর এক মাস পার হলেও যাত্রী টানতে হিমশিম খাচ্ছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশনের (বিআরটিসি) নারীদের জন্য বিশেষায়িত গোলাপি বাস সার্ভিস। যাত্রী সংকটের কারণে সেবাটি চালাতে গিয়ে প্রতিদিন গড়ে ৫০ থেকে ৬০ হাজার টাকা লোকসান গুনতে হচ্ছে প্রতিষ্ঠানটিকে।

রাজধানীর ১০টি রুটে চলাচল করছে শুধু নারীদের জন্য নির্ধারিত এই বাস। তবে প্রতিটি রুটে দিনে মাত্র দুটি ট্রিপ চলায় অনেক নারীর পক্ষে এই সেবা ব্যবহার করা সম্ভব হচ্ছে না। রুট ও সময়সূচি সীমিত হওয়ায় নিয়মিত যাতায়াতের জন্য বাসটির ওপর ভরসা করতে পারছেন না কর্মজীবী ও শিক্ষার্থী নারীরা।

এর আগেও নারীদের জন্য আলাদা বাস সার্ভিস চালুর উদ্যোগ নেওয়া হয়েছিল। কিন্তু সেসব উদ্যোগ সফল না হওয়ায় একপর্যায়ে তা বন্ধ করে দিতে হয়। এবারের উদ্যোগেও একই পরিণতির আশঙ্কা করছেন সংশ্লিষ্টরা।

পরিবহন বিশেষজ্ঞদের মতে, পর্যাপ্ত পরিকল্পনা ছাড়াই তড়িঘড়ি করে সেবাটি চালু করা হয়েছে। যাত্রীদের চাহিদা, যাতায়াতের প্রকৃত প্রবণতা ও সুবিধাজনক রুট নির্ধারণে যথাযথ সমীক্ষার ঘাটতি ছিল বলে তাঁরা মনে করেন। ফলে উদ্যোগটি নারীদের প্রত্যাশা পূরণ করতে পারছে না।

যাত্রীরা বলছেন, সেবাটিকে কার্যকর করতে হলে ট্রিপের সংখ্যা বাড়ানো জরুরি। পাশাপাশি আরও বেশি এলাকাকে রুটের আওতায় আনা এবং বাসের অবস্থান জানার জন্য লাইভ ট্র্যাকিং ব্যবস্থা চালু করার দাবি জানিয়েছেন তাঁরা। তাঁদের মতে, বাস কখন আসবে তা আগে থেকে জানতে পারলে সময়ের হিসাব করে যাতায়াত করা সহজ হবে।

বিশেষজ্ঞদের মতে, চাহিদা যাচাই করে রুট ও সময়সূচি পুনর্বিন্যাস এবং যাত্রীবান্ধব সুবিধা যুক্ত না করলে গোলাপি বাস সার্ভিসও আগের উদ্যোগগুলোর মতো ব্যর্থ হতে পারে।

 

Visited 7 times, 1 visit(s) today