ব্রোঞ্জ নির্ধারণী ম্যাচে পাকিস্তানের কাছে ৩১ রানে হেরে যাওয়ার পর গণমাধ্যমে দেওয়া মন্তব্যের জের ধরে জাতীয় নারী ক্রিকেট দলের বিদায়ী প্রধান কোচ সারওয়ার ইমরানকে কারণ দর্শানোর (শো-কজ) নোটিশ পাঠাতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মঙ্গলবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম বাবু।
টুর্নামেন্টের ঠিক আগে কোচিং স্টাফ ও অধিনায়কত্বে পরিবর্তনের কারণে দলের ফল খারাপ হয়েছে বলে দিনের শুরুতে মন্তব্য করেছিলেন সারওয়ার ইমরান।
ম্যাচ শেষে সাংবাদিকদের তিনি বলেছিলেন, ‘টুর্নামেন্টের সময় প্রধান কোচ এবং অধিনায়ককে চাপে ফেললে আপনি কীভাবে ভালো পারফর্ম্যান্স আশা করেন?’
বিসিবি নারী উইংসের চেয়ারম্যান রফিকুল ইসলাম জানান, এই মন্তব্যের ব্যাখ্যা চাইবে বোর্ড। তিনি বলেন, ‘আমরা অবশ্যই এই কারণে সারওয়ার ইমরানকে শোকজ করব। কারণ একজন সিনিয়র কোচ কীভাবে এই কথা বলতে পারেন? গণমাধ্যম কোচ বা অধিনায়ক পরিবর্তন ইত্যাদি নিয়ে অনেক কিছু লিখেছে, কিন্তু আমরা কিআনুষ্ঠানিকভাবে একবারও কিছু বলেছি?’
তিনি আরও যোগ করেন, ‘আমরা সারওয়ার ইমরানকে বলেছিলাম, তিনি ফিরে আসার পর কীভাবে পরিস্থিতির উন্নতি করা যায় তা নিয়ে আলোচনা করব।’
বিভিন্ন প্রতিবেদনে জানা যায়, বাংলাদেশ অধিনায়ক বিসিবিকে চিঠি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন। তবে রফিকুল ইসলাম জানান, বোর্ড আনুষ্ঠানিকভাবে অধিনায়কত্ব পরিবর্তনের কথা ঘোষণা করেছে বলে সারওয়ার যে ইঙ্গিত দিয়েছেন, তা সঠিক নয়।
তিনি বলেন, ‘প্রধান কোচ বলেছেন যে আমি ঘোষণা করেছি অধিনায়ক আর থাকছেন না। এটি ঠিক নয়, আর এই কারণেই তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে।’
