❐ জেলা প্রতিনিধি
বন্ধুদের সঙ্গে ঘুরতে বেরিয়ে আর বাড়ি ফেরা হয়নি ১৫ বছরের কিশোর মো. রাহাতের। দেখতে দেখতে কেটে গেছে দীর্ঘ ৪৫ দিন, অথচ আজও মেলেনি তার কোনো সন্ধান। পদ্মা নদীর নির্জন পাড়ে শুধু পড়ে ছিল তার প্রিয় বাইসাইকেল ও একজোড়া জুতা।
নিখোঁজ ছেলেকে জীবিত অবস্থায় বুকে ফিরে পেতে আকুল হয়ে কান্নাভেজা কণ্ঠে প্রশাসনের হস্তক্ষেপ চেয়েছেন ভুক্তভোগী বাবা, কৃষক মো. মুন্নুচ আলী।
আজ ২৪শে সেপ্টেম্বর, বৃহস্পতিবার বিকেল ৪টায় পাবনা সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সন্তানকে উদ্ধারের আকুল আকুতি জানান সুজানগর উপজেলার ভায়না গ্রামের এই বাসিন্দা।
পারিবারিক সূত্রে জানা যায়, সাতবাড়িয়া উচ্চবিদ্যালয় থেকে ২০২৬ সালের এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে ফলাফলের অপেক্ষায় ছিল রাহাত।
গত ৯ই আগস্ট বিকেলে বাইসাইকেল নিয়ে বন্ধুদের সঙ্গে ঘুরতে বের হয় সে। সন্ধ্যা ৭টার মধ্যে বাড়ি ফেরার কথা থাকলেও রাহাত আর ফেরেনি। আত্মীয়-স্বজন ও পরিচিতদের বাড়িতে খোঁজাখুঁজি করে ব্যর্থ হওয়ার পরদিন সকালে ঘটে এক রহস্যময় ঘটনা।
মানিকহাট ইউনিয়নের গুপিনপুর গোরস্তানসংলগ্ন মাজপাড়া ঈদগাহ মাঠের পাশে পদ্মা নদীর পাড়ে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় রাহাতের ব্যবহৃত বাইসাইকেল ও জুতা।
বাড়ি থেকে বেশ দূরের এক নির্জন স্থানে বাইসাইকেল ও জুতা উদ্ধারের বিষয়টি পরিবারকে আরও গভীর উদ্বেগে ফেলে দেয়।
সংবাদ সম্মেলনে রাহাতের বাবা অভিযোগ করে বলেন, “ছেলে নিখোঁজের দিন সন্ধ্যা ৬টা থেকে ৭টার মধ্যে ওই মাজপাড়া ঈদগাহ মাঠের সামনে একটি সিএনজি ও কয়েকটি মোটরসাইকেল সন্দেহজনকভাবে দাঁড়িয়ে ছিল। আমাদের ধারণা, ওই যানবাহনগুলোর সঙ্গে রাহাতের নিখোঁজ হওয়ার কোনো যোগসূত্র থাকতে পারে।”
ঘটনার পরদিন ১০ই আগস্ট সুজানগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয় এবং পরবর্তীতে ১৬ আগস্ট অপহরণ মামলা করেন মুন্নুচ আলী। মামলাটি বর্তমানে জেলা পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি) তদন্ত করছে।
তবে মামলা ও তদন্ত চলমান থাকলেও দীর্ঘ দেড় মাসেও কোনো ক্লু না পাওয়ায় চরম উৎকণ্ঠায় দিন কাটাচ্ছে পুরো পরিবার।
সংবাদ সম্মেলনে কান্নাজড়িত কণ্ঠে রাহাতকে দ্রুত জীবিত উদ্ধারের দাবি জানিয়ে মুন্নুচ আলী বলেন, “আমরা কোনো সুনির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ না তুলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ওপর ভরসা রাখতে চাই। ৪৫ দিন ধরে আমরা জানি না আমাদের সন্তান বেঁচে আছে কি না, বা কোথায় আছে। প্রতিটি মুহূর্ত আমাদের কাটছে বুকচাপা যন্ত্রণায়। প্রশাসনের কাছে একটাই বিনীত অনুরোধ—তদন্ত ত্বরান্বিত করে আমার নিষ্পাপ ছেলেকে আমাদের বুকে ফিরিয়ে দিন।”
