এবার ধানমন্ডি থানার সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর মিছিল, আটক ৩

এবার ধানমন্ডি থানার সামনে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মীর মিছিল, আটক ৩
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


রাজধানীর ধানমন্ডিতে আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী ঝটিকা মিছিল করেছেন। এ সময় মিছিল থেকে কয়েকটি পটকা ফাটার ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

২৬শে সেপ্টেম্বর, শনিবার দুপুর সোয়া ১২টার দিকে ধানমন্ডি ২৭ নম্বর সড়ক এলাকায় এ ঘটনা ঘটে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ ইমদাদুল ইসলাম দাবি করেন, একদল লোক মিছিলের উদ্দেশ্যে জড়ো হলে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ সময় ‘হাতবোমার’ বিস্ফোরণ ঘটানো হয়। ঘটনাস্থল থেকে তিনজনকে আটক করা হয়েছে।

আটকদের বিষয়ে যাচাই-বাছাই করে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।

প্রত্যক্ষদর্শীরা জানান, মিছিলটি ইবনে সিনা হাসপাতালের পাশ থেকে শুরু হয়। পরে মিছিলটি ধানমন্ডি ২৭ নম্বর সড়কের বাটা বিক্রয়কেন্দ্রের সামনে গেলে পুলিশ তাদের ধাওয়া দেয়। এ সময় একাধিক পটকা ফাটার শব্দ শোনা যায়।

ঘটনার একটি ভিডিওতে দেখা যায়, আওয়ামী লীগ কর্মীরা ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ স্লোগান দিয়ে মিছিল করছেন। মিছিলের ব্যানারে ‘মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ’ লেখা ছিল।

পুলিশ জানিয়েছে, বর্তমানে আওয়ামী লীগের নেতাকর্মীরাই এ মিছিল করেছেন।

এর আগে গত ১১ই সেপ্টেম্বর রাজধানীর গুলশানে আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মিছিলের পর পটকা বিস্ফোরণ ও পুলিশের রাবার বুলেট ছোড়ার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় এ পর্যন্ত ১৭৯ জনকে গ্রেপ্তারের কথা জানিয়েছে পুলিশ।

তাদের কয়েকজনকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদও করা হয়েছে।

ওই ঘটনার পর গুলশান থানার ওসি মো. দাউদ হোসেন এবং গুলশান বিভাগের উপকমিশনার (ডিসি) এম তানভীর আহমেদকে প্রত্যাহার করা হয়।

Visited 18 times, 1 visit(s) today