পুতিন-ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপের বিস্তারিতঃ দুই প্রেসিডেন্ট এর সহযোগী ইউরি উশাকভ ও স্টিভ উইটকফ এর উদ্যোগ

পুতিন-ট্রাম্পের দেড় ঘণ্টার ফোনালাপের বিস্তারিতঃ দুই প্রেসিডেন্ট এর সহযোগী ইউরি উশাকভ ও স্টিভ উইটকফ এর উদ্যোগ
শেয়ার করুন
যুক্তরাষ্ট্রে ৮ লাখ টন ডিজেল সরবরাহের কথা; ইউক্রেনের সঙ্গে আলোচনা পুনরায় শুরুর বিষয়ে অনিশ্চয়তা,ইরান সংকটেও কূটনীতির ওপর জোর মস্কোর

বিশেষ প্রতিবেদক। ঢাকা, ১১ অক্টোবর, ২০২৬।


রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে দেড় ঘণ্টার ফোনালাপে ইউক্রেন যুদ্ধের অবসান, রাশিয়ার ডিজেল সরবরাহ, ইরান সংকট এবং দুই দেশের অর্থনৈতিক সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। ফোনালাপের পর রুশ প্রেসিডেন্টের সহযোগী ইউরি উশাকভ জানিয়েছেন, দুই নেতা দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ আলোচনা করেছেন। তবে তাঁদের সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠকের বিষয়ে সুনির্দিষ্ট কোনো সিদ্ধান্ত হয়নি।

গত ৯ অক্টোবর রাতে অনুষ্ঠিত এই ফোনালাপের বিষয়ে সাংবাদিকদের ব্রিফিংয়ে উশাকভ বলেন, ট্রাম্প পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান। দুই নেতার কথোপকথনে বিভিন্ন আন্তর্জাতিক সংকটের পাশাপাশি রাশিয়া ও যুক্তরাষ্ট্রের মধ্যে যোগাযোগ এবং অর্থনৈতিক উদ্যোগের বিষয়গুলো গুরুত্ব পায়।

 

সংযোগ তৈরি উইটকফ ও উশাকভ এর মাধ্যমে

পুতিন-টাম্প এর ফোনালাপের জন্য প্রেক্ষাপট সৃষ্টি প্রসঙ্গে উশাকভ জানান “৭ই অক্টোবর বিকেলে আমরা মার্কিন প্রেসিডেন্টের বিশেষ দূত স্টিভ উইটকফের সঙ্গে টেলিফোনে কথা বলি। তিনি আমাকে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনের কাছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা পৌঁছে দেওয়ার অনুরোধ জানান। এছাড়া স্টিভ উইটকফ আমাদের প্রেসিডেন্টের প্রতি তাঁর নিজের এবং জ্যারেড কুশনারের শুভেচ্ছা জানানোর জন্যও আমাকে বলেন; তিনি আমাদের প্রেসিডেন্টকে আন্তরিকভাবে শ্রদ্ধা করেন এবং শীঘ্রই তাঁর সঙ্গে সাক্ষাতের অপেক্ষায় আছেন।”

উশাকভ মার্কিন প্রেসিডেন্ট এর বিশেষ দূত উইটকফ এর আগ্রহের কথা তুলে ধরে বলেন,

“স্টিভ উইটকফ আরও জানান যে, মার্কিন প্রেসিডেন্ট টেলিফোনে ব্যক্তিগতভাবে ভ্লাদিমির ভ্লাদিমিরোভিচ পুতিনকে অভিনন্দন জানাতে আগ্রহী। তাই আমরা দুই প্রেসিডেন্টের সময়সূচিতে একটি সুবিধাজনক মুহূর্ত খোঁজা শুরু করি—অবশ্যই মস্কো ও ওয়াশিংটনের মধ্যকার সময়ের পার্থক্য বিবেচনায় রেখে।”

যুক্তরাষ্ট্রে ৮ লাখ টন ডিজেল সরবরাহের প্রসঙ্গ

ফোনালাপের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল যুক্তরাষ্ট্রের বাজারে রাশিয়ার জ্বালানি সরবরাহের সম্ভাবনা। উশাকভের ভাষ্য অনুযায়ী, দুই নেতা রুশ পেট্রোলিয়াম পণ্য যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক বাজারে সরবরাহের সম্ভাবনা নিয়ে বৃহৎ পরিসরের অর্থনৈতিক উদ্যোগের প্রস্তুতি আলোচনা করেন।

ব্রিফিংয়ে এক সাংবাদিক ট্রাম্পের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া একটি পোস্টের উল্লেখ করে জানতে চান, যুক্তরাষ্ট্রে অবিলম্বে ৩ লাখ টন এবং পরে আরও ৫ লাখ টন ডিজেল সরবরাহ করা হবে কি না। জবাবে উশাকভ বলেন, তিনি ট্রাম্পের বক্তব্য পড়েছেন এবং এ বিষয়ে রুশ প্রেসিডেন্টের বিশেষ বিবৃতি ও দেশটির জ্বালানি মন্ত্রণালয়ের বক্তব্য ইতোমধ্যে প্রকাশিত হয়েছে।

তবে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে রাশিয়াকে কী ধরনের ছাড় দেওয়া হয়েছে কিংবা কোনো সমঝোতার বিনিময়ে এই জ্বালানি সরবরাহ করা হচ্ছে কি না, সে বিষয়ে উশাকভ বিস্তারিত কিছু জানাননি। তিনি বলেন, এ বিষয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আরও ব্যাখ্যা আসতে পারে।

ইউক্রেন যুদ্ধ নিয়ে অবস্থান অপরিবর্তিত পুতিনের

ইউক্রেন যুদ্ধের অবসানের সম্ভাবনা নিয়ে দুই নেতার আলোচনা হয়েছে বলে জানান উশাকভ। তাঁর দাবি, পুতিন ইউক্রেনের হামলার জবাবে রাশিয়ার নেওয়া পদক্ষেপের ব্যাখ্যা দিয়েছেন এবং বলেছেন, রুশ বাহিনী যুদ্ধক্ষেত্রে উদ্যোগ নিজেদের নিয়ন্ত্রণে রেখেছে ও অগ্রসর হচ্ছে।

উশাকভের ভাষ্য অনুযায়ী, পুতিন ইউক্রেনের ভূখণ্ডের গভীরে হামলা চালিয়ে রুশ বাহিনীর অগ্রযাত্রা থামানোর প্রচেষ্টাকে ব্যর্থ বলে উল্লেখ করেছেন। একই সঙ্গে তিনি জানিয়েছেন, যুদ্ধের লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে রাশিয়ার অবস্থানের কোনো পরিবর্তন হয়নি। তবে দীর্ঘমেয়াদি ও টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে রাজনৈতিক ও কূটনৈতিক সমাধানের পথেও মস্কো প্রস্তুত রয়েছে।

এর আগে যুক্তরাষ্ট্র, রাশিয়া ও ইউক্রেনের মধ্যে ত্রিপক্ষীয় আলোচনা পুনরায় শুরুর সম্ভাবনা নিয়ে দুই নেতার কথা হয়েছিল। তবে উশাকভের দাবি, রাশিয়ার নির্বাচন বানচালের উদ্দেশ্যে ইউক্রেনের ব্যাপক ড্রোন হামলার কারণে অবিলম্বে সেই আলোচনা পুনরায় শুরু করার সম্ভাবনা বাধাগ্রস্ত হয়েছে। তিনি বলেন, কখন আবার আলোচনা শুরু করা যাবে, তা এখন বিবেচনা করা হবে।

উশাকভ আরও জানান, ট্রাম্প রাশিয়ার বক্তব্য মনোযোগ দিয়ে শুনেছেন এবং মিয়ামিতে মার্কিন প্রতিনিধিদের সঙ্গে যোগাযোগরত ইউক্রেনীয় প্রতিনিধিদলের কাছে প্রয়োজনীয় বার্তা পৌঁছে দেওয়ার নির্দেশ দেওয়ার কথা বলেছেন।

ইরান সংকটে কূটনীতির ওপর জোর

ইরানকে ঘিরে চলমান সংকট নিয়েও দুই নেতার আলোচনা হয়েছে। উশাকভ বলেন, পুতিন মনে করেন, ইরান সংকটের কূটনৈতিক সমাধানের পথ এখনো শেষ হয়ে যায়নি। তেহরানের সঙ্গে আলোচনা সম্ভব এবং প্রয়োজনীয়।

রুশ প্রেসিডেন্ট আগের দিন তুর্কমেনিস্তানে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের সঙ্গে বর্তমান পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেছেন বলেও জানান উশাকভ। তাঁর মতে, প্রকাশ্যে কঠোর বক্তব্য দেওয়া হলেও যুক্তরাষ্ট্র কাতারের অংশগ্রহণে ইরানের সঙ্গে পরোক্ষ যোগাযোগ অব্যাহত রেখেছে।

উশাকভ বলেন, ইরানের উচ্চমাত্রায় সমৃদ্ধ ইউরেনিয়াম রাশিয়ায় স্থানান্তরের যে প্রস্তাব মস্কো দিয়েছে, সংকট নিরসনের সম্ভাব্য পথ হিসেবে সেটি এখনো বহাল রয়েছে। তাঁর দাবি, ট্রাম্প এ বিষয়ে রাশিয়ার ভূমিকার কথা ইতিবাচকভাবে গ্রহণ করেছেন।

মেলানিয়া ট্রাম্পের মানবিক উদ্যোগ

ফোনালাপে যুক্তরাষ্ট্রের ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্পের মানবিক কর্মকাণ্ডের কথাও উঠে আসে। উশাকভ জানান, ইউক্রেন সংঘাতের কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়া শিশুদের তাদের পরিবারের সঙ্গে পুনর্মিলনের প্রচেষ্টায় মেলানিয়ার অবদানের জন্য পুতিন কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

এ ছাড়া খেরসন অঞ্চলের আলেশকি শহরের মানবিক পরিস্থিতি নিয়ে উদ্বেগের বিষয়েও আলোচনা হয়। এ বিষয়ে রাশিয়ার মানবাধিকার কমিশনার ইয়ানা লান্ত্রাতোভা মেলানিয়া ট্রাম্পের দপ্তরের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখবেন বলে দুই পক্ষ একমত হয়েছে বলে জানান উশাকভ।

চীনে বৈঠকের সম্ভাবনা

পুতিন ও ট্রাম্পের সম্ভাব্য সরাসরি বৈঠকের বিষয়ে প্রশ্ন করা হলে উশাকভ বলেন, ফোনালাপে বিষয়টি নির্দিষ্টভাবে আলোচনা হয়নি। তবে চীনে অনুষ্ঠেয় এশিয়া-প্যাসিফিক অর্থনৈতিক সহযোগিতা (এপেক) সম্মেলনে দুই নেতার অংশগ্রহণের আগ্রহ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।

উশাকভের ধারণা, দুই নেতা একই আন্তর্জাতিক অনুষ্ঠানে উপস্থিত থাকলে তাঁদের সাক্ষাৎ, করমর্দন এবং আলোচনার সুযোগ তৈরি হতে পারে। তবে এ বিষয়ে এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।

দেড় ঘণ্টার বন্ধুত্বপূর্ণ কথোপকথন

উশাকভের বর্ণনা অনুযায়ী, দুই নেতার কথোপকথন ছিল দীর্ঘ ও বন্ধুত্বপূর্ণ। তিনি বলেন, তাঁদের কেউই প্রথমে ফোনালাপ শেষ করতে চাইছিলেন না; শেষ পর্যন্ত একই সময়ে দুজনই ফোন রেখে দেন।

ফোনালাপের শুরুতে ট্রাম্প পুতিনকে জন্মদিনের শুভেচ্ছা জানান এবং নিজের স্ত্রী মেলানিয়ার পক্ষ থেকেও শুভেচ্ছা পৌঁছে দেন। পুতিনও ট্রাম্পকে ধন্যবাদ জানান এবং রাশিয়ার সঙ্গে সংলাপ বজায় রাখতে মার্কিন প্রেসিডেন্ট ও তাঁর দলের দেওয়া মনোযোগের প্রশংসা করেন।

উশাকভ জানান, দুই দেশের প্রশাসন, গোয়েন্দা সংস্থা ও সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানের মধ্যে বিদ্যমান যোগাযোগব্যবস্থা নিয়েও দুই নেতা সন্তোষ প্রকাশ করেছেন। আলোচনায় খেলাধুলার প্রসঙ্গও আসে; ট্রাম্প বিশ্ব হকিতে রুশ খেলোয়াড় আলেকজান্ডার ওভেচকিনের অবদানের স্বীকৃতি দেন।

তবে দীর্ঘ ফোনালাপ সত্ত্বেও সম্ভাব্য দ্বিপক্ষীয় বৈঠক, জ্বালানি সরবরাহের বিনিময়ে কোনো ছাড় কিংবা ইউক্রেন শান্তি আলোচনার নতুন সময়সূচি সম্পর্কে সুনির্দিষ্ট সিদ্ধান্তের কথা জানাননি রুশ প্রেসিডেন্টের সহযোগী।

Visited 3 times, 7 visit(s) today