এল ক্লাসিকোর আগেই বড় ধাক্কা রিয়াল মাদ্রিদে, বাদ কোর্তোয়া

এল ক্লাসিকোর আগেই বড় ধাক্কা রিয়াল মাদ্রিদে, বাদ কোর্তোয়া
শেয়ার করুন

বার্সেলোনার বিপক্ষে হাইভোল্টেজ ‘এল ক্লাসিকো’র ঠিক আগে বড় ধাক্কা খেল রিয়াল মাদ্রিদ। ফ্লুতে আক্রান্ত হওয়ায় আজকের গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারছেন না বেলজিয়ান তারকা গোলরক্ষক থিবো কোর্তোয়া।

এক অফিসিয়াল বার্তায় খবরটি নিশ্চিত করেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির ওয়েবসাইটে প্রকাশিত বিবৃতিতে বলা হয়, ‘স্প্যানিশ লিগের দশম রাউন্ডে আজ রাতে বার্সেলোনার মুখোমুখি হতে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। তবে ফ্লুর উপসর্গের কারণে এই ম্যাচে শেষ মুহূর্তে বাদ পড়েছেন থিবো কোর্তোয়া।’

চলতি মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে রিয়ালের হয়ে ১২টি ম্যাচে মাঠে নেমেছেন কোর্তোয়া। যেখানে ১৪টি গোল হজম করার পাশাপাশি মাত্র দুটিতে ‘ক্লিন শিট’ রাখতে পেরেছিলেন এই বেলজিয়ান।

কোর্তোয়ার অনুপস্থিতিতে রিয়াল স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে ইউক্রেনীয় তরুণ গোলরক্ষক ইলিয়া ভালোশিনকে। তবে বার্সেলোনার বিপক্ষে মূল একাদশে পোস্ট সামলানোর দৌড়ে এগিয়ে আছেন আরেক ইউক্রেনীয় গোলরক্ষক আন্দ্রি লুনিন।

চলতি মৌসুমে লা লিগায় ৯ ম্যাচ শেষে ২৭ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে অবস্থান করছে বার্সেলোনা। অন্যদিকে ২১ পয়েন্ট নিয়ে টেবিলের তিন নম্বরে অবস্থান রিয়াল মাদ্রিদের।

Visited 1 times, 1 visit(s) today