দূতাবাসে প্রস্তুতি সভায় উত্তেজনা, সেক্রেটারির বিরুদ্ধে সহসভাপতিকে লাথি মারার অভিযোগ
নিজস্ব প্রতিবেদক। ২৭ অক্টোবর, ২০২৬।
বাংলাদেশের প্রধানমন্ত্রীর জাপান সফরকে কেন্দ্র করে টোকিওতে বাংলাদেশ দূতাবাসে আয়োজিত এক প্রস্তুতি সভায় বিএনপির দুই গ্রুপের নেতাকর্মীদের মধ্যে হাতাহাতি ও উত্তেজনার ঘটনা ঘটেছে। এ ঘটনায় জাপান বিএনপির অভ্যন্তরীণ কোন্দল ও গ্রুপিং নিয়ে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
সভায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাকিরুল ইসলাম খান, জাপান বিএনপির সভাপতি মীর রেজাউল করিমসহ দলটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অভিযোগ উঠেছে, সভা চলাকালে জাপান বিএনপির সেক্রেটারি এমদাদ মনি সংগঠনটির সহসভাপতি মাসুম জাকিরকে লাথি মারেন। এ ঘটনাকে কেন্দ্র করে সভায় বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয় এবং দুই পক্ষের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে।
জাপানে বাংলাদেশের দূতাবাসে প্রধানমন্ত্রীর সফরের প্রস্তুতি সভায় জাপান-বিএনপি’র বিভিন্ন পক্ষের লাথালাথি ও হাতাহাতির ঘটনা ঘটে
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বর্তমানে জাপান বিএনপির মধ্যে তিন থেকে চারটি পৃথক গ্রুপ সক্রিয় রয়েছে। নিজেদের আধিপত্য বজায় রাখতে এসব গ্রুপ আলাদাভাবে দলীয় কার্যক্রম পরিচালনা করে বলে জানা গেছে। অভ্যন্তরীণ এই বিভক্তির প্রভাব দলীয় কর্মকাণ্ডেও পড়ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।
প্রধানমন্ত্রীর জাপান সফর উপলক্ষে গুরুত্বপূর্ণ প্রস্তুতির সময়ে দূতাবাসে এ ধরনের হাতাহাতি ও বিশৃঙ্খলার ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন জাপান বিএনপির অনেক সাধারণ সদস্য। তাঁদের অভিযোগ, দলের অভ্যন্তরীণ বিরোধ প্রকাশ্যে চলে আসায় সাংগঠনিক ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।
তবে হাতাহাতির ঘটনার বিষয়ে সংশ্লিষ্ট নেতাদের বক্তব্য এবং অভিযোগের স্বাধীন সত্যতা যাচাই করা সম্ভব হয়নি।
