আলাভেসকে বিধ্বস্ত করে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা

আলাভেসকে বিধ্বস্ত করে লা লিগার শীর্ষে ফিরল বার্সেলোনা
শেয়ার করুন

টানা দুই পরাজয়ের স্মৃতি ভুলে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়াল বার্সেলোনা। ডিপোর্তিভো আলাভেসকে ৬-১ গোলের বিশাল ব্যবধানে হারিয়ে স্প্যানিশ লা লিগার শীর্ষস্থান পুনরুদ্ধার করেছে হানসি ফ্লিকের শিষ্যরা।

ঘরের মাঠ কাম্প নউয়ে জোড়া গোল করে বার্সার বড় জয়ের নায়ক রাফিনিয়া ও লামিন ইয়ামাল। দলের হয়ে বাকি দুই গোল করেন ফার্মিন লোপেস এবং অ্যান্থনি গর্ডন। আলাভেসের পক্ষে ব্যবধান কমানো একমাত্র গোলটি করেন মারিয়ানো দিয়াস।

রক্ষণভাগের চোটের কারণে এদিন ডাচ মিডফিল্ডার ফ্রাঙ্কি ডি ইয়ংকে সেন্টার-ব্যাক এবং তরুণ ব্রায়ান ফারিনাসকে রাইট-ব্যাকে খেলান ফ্লিক। রক্ষণের চোট সামলে ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা। অষ্টম মিনিটে পেদ্রি ও লোপেসের নিখুঁত সমন্বয়ে বার্সাকে এগিয়ে নেন রাফিনিয়া। ২৩ মিনিটে একক প্রচেষ্টায় ব্যবধান দ্বিগুণ করেন লোপেস।

এরপর লোপেসের সহায়তায় নিজের দ্বিতীয় ও চলতি লিগে ১৫তম গোলটি সম্পন্ন করেন রাফিনিয়া। প্রথমার্ধের যোগ করা সময়ে ডি-বক্সের বাইরে থেকে চোখধাঁধানো নিচু শটে ব্যবধান ৪-০ করেন ইয়ামাল।

বিরতির পর আক্রমণাত্মক ফুটবল বজায় রাখে বার্সা। গ্যাব্রিয়েল জেসুসের পাসে চমৎকার চিপে নিজের দ্বিতীয় গোল পান ইয়ামাল। খানিকবাদে একই ভঙ্গিমায় আলাভেসের জালে ষষ্ঠ বলটি পাঠান বদলি নামা অ্যান্থনি গর্ডন।

এই জয়ে পয়েন্ট তালিকায় দুই নম্বরে থাকা আতলেতিকো মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টে এগিয়ে রইল বার্সেলোনা।

সিমিওনের রেকর্ডের রাতে আতলেতিকোর জয়

দিনের অন্য ম্যাচে লেভান্তেকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের ওপরের দিকে চাপ বজায় রেখেছে আতলেতিকো মাদ্রিদ। আলেহান্দ্রো গ্রিমালদো ও হুলিয়ানো সিমিওনের গোলে টানা সপ্তম জয় নিশ্চিত করে ডিয়েগো সিমিওনের দল।

এই জয়ের মাধ্যমে আতলেতিকো মাদ্রিদের কোচ হিসেবে লুইস আরাগোনেসের সর্বোচ্চ ৩৪৪টি লা লিগা জয়ের ঐতিহাসিক রেকর্ড স্পর্শ করলেন ডিয়েগো সিমিওনে। ম্যাচে দারুণ ফুটবলে দুটি গোলই বানিয়ে দেন অ্যালেক্স বায়েনা।

Visited 1 times, 1 visit(s) today