❐ নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতির ক্রমাবনতি এখন ভয়াবহ রূপ নিয়েছে। যেখানে সেখানে পড়ছে লাশ। জ্ঞাত-অজ্ঞাত লাশের ভাগাড় পুরো দেশ। অনেক ক্ষেত্রে মামলা হয় না, হলেও তার কোনো অগ্রগতি নেই। পুলিশ ব্যস্ত আওয়ামী লীগ ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীদের ধরার অভিযানে। এই একটি বিষয়েই তাদের যাবতীয় সাফল্য।
চাঁদপুরের হাজীগঞ্জে প্রবীণ আওয়ামী লীগ নেতা ও সাবেক ইউপি সদস্য মো. দুলাল আলমের রক্তাক্ত মরদেহ পুকুর থেকে উদ্ধারের ঘটনা সেই বাস্তবতারই আরেকটি নির্মম উদাহরণ।
গত ১১ই নভেম্বর হাজীগঞ্জের কালচোঁ দক্ষিণ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের নোয়াপাড়া এলাকায় নিজ বাড়ির পাশের পুকুর থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়।
বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, তার মাথা ও শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন ছিল। ছেলে তামিমের বক্তব্য অনুযায়ী, গ্রেপ্তার আতঙ্কে কয়েক দিন ধরে তিনি নিজের বাড়িতে রাত কাটাতে পারতেন না। পুলিশ তিনজনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছে।
এটি কি কেবল একটি হত্যাকাণ্ডের তদন্তের বিষয়, নাকি দেশের সামগ্রিক রাজনৈতিক নিরাপত্তা পরিস্থিতির ভয়াবহ সংকেত? মানবাধিকার সংস্থার পরিসংখ্যান আওয়ামী লীগ নেতাকর্মীদের নিরাপত্তাহীনতার উদ্বেগজনক চিত্র তুলে ধরছে।
HRSS-এর ১৯শে অক্টোবরের প্রতিবেদনে বলা হয়েছে, জানুয়ারি থেকে সেপ্টেম্বর পর্যন্ত দেশে রাজনৈতিক সহিংসতায় ৭৩ জন নিহত এবং ৬,৪৭৩ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬ জন আওয়ামী লীগ নেতাকর্মী। একই সময়ে দুর্বৃত্তদের হাতে রাজনৈতিক নেতাকর্মীদের ওপর ৮৮টি হামলায় ৫২ জন নিহত হয়েছেন, যাঁদের মধ্যে ১১ জন আওয়ামী লীগের নেতাকর্মী।
আরও উদ্বেগজনক, ওই নয় মাসে বিভিন্ন রাজনৈতিক ও বিশেষ অভিযানে গ্রেপ্তার হওয়া ৫,৬৪৪ জন রাজনৈতিক নেতাকর্মীর মধ্যে ৪,৮২৭ জনই আওয়ামী লীগের।
HRSS-এর অক্টোবর মাসের প্রতিবেদনেও আওয়ামী লীগের দুজন নেতাকর্মী রাজনৈতিক সহিংসতায় নিহত হওয়ার তথ্য রয়েছে। অর্থাৎ শুধু অক্টোবর মাসেই দুর্বৃত্তদের হামলায় নিহত সাতজনের মধ্যে চারজন ছিলেন আওয়ামী লীগের নেতাকর্মী।
তথ্যগুলো একটি গুরুতর প্রশ্ন সামনে আনে—আওয়ামী লীগের নেতাকর্মীদের রাজনৈতিক পরিচয়ের কারণে নিরাপত্তা, ন্যায়বিচার ও আইনের সমান আশ্রয় কি নিশ্চিত করা হচ্ছে?
এখন প্রশ্ন, এত মৃত্যু, এত হামলা, এত সহিংসতার পরও নাগরিকের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের কার্যকর ভূমিকা কোথায়?
একজন প্রবীণ রাজনৈতিক নেতা নিজের বাড়িতে নিরাপদে ঘুমাতে পারেন না, শেষ পর্যন্ত তাঁর মরদেহ উদ্ধার হয় পুকুর থেকে। অথচ রাষ্ট্রের দায়িত্ব ছিল তাঁকে নিরাপত্তা দেওয়া।
বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ওঠা অভিযোগের নিরপেক্ষ তদন্ত ও বিচার যেমন জরুরি, তেমনি আওয়ামী লীগসহ সব রাজনৈতিক দলের নেতাকর্মীদের জীবন ও নিরাপত্তা নিশ্চিত করাও সরকারের সাংবিধানিক দায়িত্ব।
সরকার কি দেশ পরিচালনা করছে, নাকি আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির দায় এড়িয়ে যাওয়ার রাজনীতি করছে?
দুলাল আলমের হত্যার প্রকৃত রহস্য উদ্ঘাটন, অপরাধীদের শনাক্তকরণ এবং দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক পরিচয়ের কারণে কাউকে হত্যা, নির্যাতন কিংবা নিরাপত্তাহীনতার মধ্যে ঠেলে দেওয়ার অধিকার কারও নেই।
ক্ষমতা সাময়িক, কিন্তু মানুষের রক্তের দায় ইতিহাসে থেকে যায়।
দেশের মানুষ নিরাপত্তা চায়, বিচার চায়, আইনের শাসন চায়। প্রশ্ন একটাই—এত মৃত্যু ও সহিংসতার পরও সরকারের ব্যর্থতার দায় কে নেবে?
