রাজনৈতিক প্রতিহিংসার জেরে ব্যাংক হিসাব জব্দ ব্যবসায়ীদের: ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বিপাকে পোশাক রপ্তানিকারকেরা

রাজনৈতিক প্রতিহিংসার জেরে ব্যাংক হিসাব জব্দ ব্যবসায়ীদের: ব্যবসা-বাণিজ্যে স্থবিরতা, বিপাকে পোশাক রপ্তানিকারকেরা
শেয়ার করুন

❐ নিজস্ব প্রতিবেদক


দেশের ব্যবসা-বাণিজ্যে এখন একধরনের স্থবিরতা চলছে। বিনিয়োগে গতি কম, সুদহার বেশি, উৎপাদন ব্যয় বাড়ছে এবং রাজনৈতিক ও অর্থনৈতিক অনিশ্চয়তা রয়েছে—এই চার চাপে ব্যবসায়ীরা এমনিতেই বিপাকে। এর মধ্যে তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়ার অভিযোগে দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়েছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)।

প্রায় ১০০ ব্যক্তির হিসাব জব্দের উদ্যোগও নেওয়া হয়েছে। সরকারের এই রাজনৈতিক প্রতিহিংসামূলক পদক্ষেপ ব্যবসায়ী মহলে চাপ আরও বাড়াচ্ছে কি না, সেই প্রশ্ন উঠেছে।

ব্যবসায়ীদের অভিযোগ, কারও রাজনৈতিক পরিচয় বা অতীতের ব্যবসায়িক সম্পর্কের সূত্র ধরে ঢালাওভাবে ব্যাংক হিসাব জব্দ করা হলে নির্দোষ উদ্যোক্তারাও ক্ষতির মুখে পড়েন। শ্রমিক অসন্তোষে কারও সংশ্লিষ্টতার অভিযোগ থাকলে তদন্তের মাধ্যমে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করে ব্যবস্থা নেওয়া উচিত।

ব্যাংক হিসাব জব্দ থাকলে প্রতিষ্ঠানের নিয়মিত ব্যবসা পরিচালনা, ঋণপত্র (এলসি) খোলা, ব্যাংকঋণ ব্যবহার এবং শ্রমিকদের বেতন দেওয়াসহ নানা কাজে জটিলতা তৈরি হয়। এসব সমস্যা সামনে আসার পর এনবিআর কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব অবমুক্ত করতে শুরু করেছে।

তবু উদ্যোক্তারা পুরোপুরি স্বস্তি পাচ্ছেন না। কারণ, হিসাব খুলে দেওয়া হলেও কয়েকটি প্রতিষ্ঠানের গত পাঁচ বছরের লেনদেনের তথ্য চেয়ে তদন্ত চলছে। ফলে ব্যবসা স্বাভাবিকভাবে চালানো যাবে কি না, সেই উদ্বেগ এখনো রয়ে গেছে।

তৈরি পোশাকশিল্পে শ্রমিক অসন্তোষের মধ্যে গত ৪ নভেম্বর দুই শতাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বিভিন্ন ব্যাংকে চিঠি পাঠায় এনবিআরের আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট (আইটিআইআইইউ) এবং কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি)।

ওই তালিকার প্রায় ১০০ ব্যক্তির ব্যাংক হিসাব জব্দ করার নির্দেশ দেওয়া হয়।

এনবিআরের কর্মকর্তারা জানিয়েছেন, গোয়েন্দা সংস্থার দেওয়া তথ্যের ভিত্তিতে এসব পদক্ষেপ নেওয়া হয়েছে। তালিকায় আওয়ামী লীগ সরকারের সাবেক সংসদ সদস্য ও রাজনৈতিকভাবে সংশ্লিষ্ট ব্যক্তিদের নাম আছে। পাশাপাশি এমন ব্যবসায়ীরাও রয়েছেন, যাঁদের রাজনৈতিক সংশ্লিষ্টতা নেই।

এনবিআরের তালিকায় দেশের কয়েকটি বড় রপ্তানিকারক শিল্পগোষ্ঠীর নামও রয়েছে। মণ্ডল গ্রুপের ২৮টি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাবের তথ্য চাওয়া হয়েছে। একই সঙ্গে গ্রুপটির চেয়ারম্যান আবদুল মমিন মণ্ডল, ব্যবস্থাপনা পরিচালক আবদুল আলিম মণ্ডলসহ কয়েকজনের হিসাব জব্দ করা হয়।

২০২৫-২৬ অর্থবছরে গ্রুপটি প্রায় ৫৬ কোটি ডলারের তৈরি পোশাক রপ্তানি করেছে। প্রতিষ্ঠানটিতে কর্মরত শ্রমিকের সংখ্যা প্রায় ৫০ হাজার।

ওয়েল গ্রুপ, এনভয় গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপ, তুসুকা গ্রুপ, নিপা গ্রুপ ও গিভেন্সি গ্রুপের বিভিন্ন প্রতিষ্ঠান এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের লেনদেনও এনবিআরের নজরদারিতে এসেছে।

ব্যাংক হিসাব জব্দের ঘটনা নিয়ে নতুন জটিলতা তৈরি হতে পারে—এমন উদ্বেগ সরকারের উচ্চপর্যায়ে জানিয়েছে তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএ।

সংগঠনটির সভাপতি মাহমুদ হাসান খান বাবু বলেন, শ্রমিক অসন্তোষে ইন্ধন দেওয়া বা অর্থায়নের বিষয়ে সুনির্দিষ্ট তথ্যপ্রমাণ না থাকলে কোনো কারখানামালিক বা প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দ না করার অনুরোধ সরকারকে জানানো হয়েছে।

মাহমুদ হাসান খান বাবু আরও জানান, বিষয়টি নিয়ে সরকারের সঙ্গে বিজিএমইএর যোগাযোগ চলছে। যাঁদের বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ নেই, যাচাই-বাছাইয়ের পর তাঁদের ব্যাংক হিসাব দ্রুত অবমুক্ত করা হবে বলে সংগঠনটি আশা করছে।

আলোচনার পর শেলটেক গ্রুপ, স্ট্যান্ডার্ড গ্রুপসহ কয়েকটি প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব খুলে দিয়েছে এনবিআর। মণ্ডল গ্রুপ ও এনভয় গ্রুপেরও কয়েকটি প্রতিষ্ঠানের হিসাব অবমুক্ত করা হয়েছে। তবে সংশ্লিষ্ট কিছু ব্যক্তির ব্যাংক হিসাব এখনো জব্দ রয়েছে।

ব্যবসায়ীরা বলছেন, হিসাব অবমুক্ত করলেই সব জটিলতা মিটে যায় না। হিসাব জব্দ থাকার সময়ে অনেক প্রতিষ্ঠানের ঋণপত্র খোলা, ব্যাংকের অনুমোদিত ঋণসীমা ব্যবহার এবং অন্যান্য আর্থিক লেনদেন বাধাগ্রস্ত হয়েছে। এ ধরনের ঘটনা বিদেশি ক্রেতাদের কাছেও সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ভাবমূর্তি সম্পর্কে নেতিবাচক বার্তা দিতে পারে।

Visited 11 times, 1 visit(s) today